আক্তার হোসেন যুব ও ক্রীড়ায় জাফর উদ্দীন বাণিজ্যে
ইত্তেফাক রিপোর্ট
চারজন সচিবকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। গতকাল সোমবার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। পদোন্নতি পাওয়া সিনিয়র সচিবরা হলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এন এম জিয়াউল আলম, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. আলমগীর এবং জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তমিজুল ইসলাম খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
এছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দিনকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। গণপূর্তের ভারপ্রাপ্ত সচিব আক্তার হোসেনকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মফিজুল ইসলামকে গত ৮ সেপ্টেম্বর থেকে অবসর দেওয়া হয়।
