সিলেটের তামাবিল শুল্ক স্টেশনে কাস্টমস কার্যক্রমের বাধা ও উচ্ছৃৃঙ্খল বিজিবি সদস্য কর্তৃক ৬ কাস্টমস্ কর্মকর্তা লাঞ্ছিত হওয়ার ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও এ নিন্দনীয় ঘটনার প্রতিবাদ জানিয়ে গতকাল রবিবার সকাল ১০টায় বেনাপোল কাস্টমস্ হাউসের সামনে খুলনা বিভাগীয় কাস্টমস্ অফিসার অ্যাসোসিয়েশন (খুকাএভ) ও বেনাপোল কাস্টম হাউস এক্সিকিউটিভ অফিসার অ্যাসোসিয়েশনের আহবানে এক ঘণ্টা কর্মবিরতিসহ মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে এ সমাবেশে যোগ দেন বেনাপোল বন্দর ব্যবহারকারী সকল সংগঠনের কর্মকর্তাসহ সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তা-কর্মচারিগণ। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, খুকাএভ ও বেনাপোল কাস্টম হাউস এক্সিকিউটিভ অফিসার অ্যাসোসিয়েশনের সভাপতি রাজস্ব কর্মকর্তা খন্দকার গোলাম মোর্তজা, সাধারণ সম্পাদক সহকারী রাজস্ব কর্মকর্তা মোস্তফা আবদুল্লাহ্ আল-মামুন, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ এমপ্লয়েজ ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট মনির হোসেন মজুমদার, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ ্অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দীন, বেনাপোল কাস্টম হাউস এক্সিকিউটিভ অফিসার অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী রাজস্ব কর্মকর্তা বিশ্বনাথ কুণ্ডু ও নাদিম আহমেদ প্রমুখ।
বক্তব্যে খুকাএভ (খুলনা বিভাগীয় কাস্টমস্ অফিসার অ্যাসোসিয়েশন) ও বেনাপোল কাস্টম হাউস এক্সিকিউটিভ অফিসার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তফা আবদুল্লাহ্ আল-মামুন বলেন, ৬ ডিসেম্বর সিলেটের তামাবিল শুল্ক স্টেশনে কাস্টমস্ -এর দৈনন্দিন কার্যক্রমে বাধা ও আইন ভঙ্গ করে কাস্টমস্ হল রুমে প্রবেশ করে বিদেশি পাসপোর্ট যাত্রীর ব্যাগেজ জোরপূর্বক তল্লাশি করার চেষ্টাকালে কাস্টমস্ কর্মকর্তারা বাধা প্রদান করেন। এ সময় বিজিবি সদস্যরা তাদের ক্ষমতার অপব্যবহার করে ডেপুটি কমিশনারসহ ছয়জন কর্মকর্তাকে লাঞ্ছিত করেন। তার মধ্যে সহকারী রাজস্ব কর্মকর্তা তুহিন ও মোস্তাফিজ নামে দুই কর্মকর্তার অবস্থা আশঙ্কাজনক। তিনি ৪ দফা দাবি বাস্তবায়নসহ দোষী ব্যক্তিদের শাস্তি দাবি করেন। দাবি পূরণ না হলে পরবর্তি কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তিনি জানান।
