স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির ১৬৪ ধারায় স্বীকারোক্তি

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ২২:২১

রংপুরের পীরগঞ্জ উপজেলার চন্ডিপুরে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় আসামি মামুন মিয়া আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গত রবিবার বিকালে রংপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত এ জবানবন্দি গ্রহণ করে। পীরগঞ্জ থানার ওসি সরেশ চন্দ্র স্বীকারোক্তিমূলক জবানবন্দির বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে উপজেলার চন্ডিপুর গ্রামের হিরু মিয়ার মেয়েকে অস্ত্রের মুখে অপহরণ করে রাস্তার পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে বখাটে মামুন নামের এক যুবক। পরে মেয়েটিকে শ্বাসরোধে হত্যা করে। ঘটনার পর পুলিশ, পিবিআই, ডিবি পুলিশ ও র্যাব-১৩ পুরো এলাকায় অভিযান চালিয়ে চন্ডিপুর উত্তরপাড়া গ্রামের মকবুল হোসেনের পুত্র মামুন মিয়াকে আটক করে। এরপর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে হত্যার কথা স্বীকার করে।

পুলিশ জানায়, মামুন পেশায় একজন রাজমিস্ত্রি। সে বেশ কিছুদিন ধরে মেয়েটির গতিবিধি লক্ষ্য করে আসছিল। মেয়েটি প্রতিদিন বাড়ি থেকে হেঁটে প্রাইভেট পড়তে শিক্ষক মিজানুর রহমানের বাড়িতে যেত। ঘটনার ১০ দিন আগেও সে একবার মেয়েটিকে ধর্ষণের পরিকল্পনা করেছিল কিন্তু পারেনি। গত শনিবার সকালে মেয়েটি প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে মামুন তার পথরোধ করে অস্ত্রের মুখে অপহরণ করে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় মেয়েটি চিত্কার করলে মামুন প্রথমে তার মুখ চেপে ধরে। পরে তার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। মামুনের ধারণা ছিল ঘটনাটি কেউ না দেখায় তাকে চিহ্নিত করা সম্ভব হবে না। এ কারণেই সে হত্যার পরও বাসায় অবস্থান করছিল।

পীরগঞ্জ থানার ওসি সরেশ চন্দ্র জানান, মামুনকে গ্রেফতারের পর রবিবার বিকালে রংপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফজলে এলাহির আদালতে হাজির করা হয়। সেখানে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার পর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।