হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ক্ষোভ

রংপুর-৩ আসনের ভোট না পেছালে বর্জন

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ২২:৩১

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টি-জাপার প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদের শূন্যঘোষিত রংপুর-৩ আসনের ভোট বর্জনের হুমকি দিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। আগামী ৫ অক্টোবর রংপুর-৩ আসনের ভোটের দিন ধার্য করেছে নির্বাচন কমিশন (ইসি)। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের রংপুর জেলার নেতারা হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা উদযাপনের সুবিধার্থে ভোট পেছানোর দাবি করেছিল। ভোট পেছানোর দাবি নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর নাকচ করে দেওয়ায় সংগঠনটি সোমবার এক স্মারকলিপি জমা দিয়ে এমন হুমকি দেয়। নির্বাচন ভবনের কার্যালয়ে পরিষদের নেতারা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার কাছে এ স্মারকলিপি জমা দেন। শারদীয় দুর্গোত্সবের দ্বিতীয় দিন মহাসপ্তমীতে রংপুর-৩ আসনের উপনির্বাচন আয়োজনে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়।

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশ গুপ্তের স্বাক্ষরিত এ সংক্রান্ত স্মারকলিপিতে উপনির্বাচনে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করায় কমিশনকে ধন্যবাদ জানানোর পাশাপাশি নির্বাচনের তারিখ ৫ অক্টোবর থেকে সরিয়ে শারদীয় দুর্গোত্সবের পর অন্য যে কোনো দিন পুনঃনির্ধারণ করার অনুরোধ জানানো হয়।