বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় স্কুল ও কলেজছাত্র সহ পাঁচ জন নিহত হয়েছেন। গত রবি ও গতকাল সোমবার এসব দুর্ঘটনা ঘটে। সংবাদদাতাদের পাঠানো খবর—
ভাণ্ডারিয়া (পিরোজপুর): ভাণ্ডারিয়া উপজেলা সদরের কলেজমোড় এলাকায় রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় রিশাদ (৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়। কলেজমোড় জামিরতলা এলাকার মো. রফিকুল ইসলাম ফরাজির ছেলে এবং ৭০ নম্বর জামিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র রিশাদ।
ফকিরহাট (বাগেরহাট): খুলনা-মোংলা মহাসড়কের সিমেন্টবোঝাই ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী শোহানুর রমহান শেখ (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল ফকিরহাটের শ্যামবাগাত এক্সেল লোর্ড নিয়ন্ত্রণ কেন্দ্রের কাছে এ দুর্ঘটনা ঘটে। শোহানুর উপজেলার শুভদিয়া গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র ও শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
মিঠাপুকুর (রংপুর): মিঠাপুকুরে গোপাল চৌহান নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছেন। চৌহান বগুড়া সদরের নওদাপাড়া গ্রামের মতিলাল চৌহানের ছেলে। রবিবার রংপুর-ঢাকা মহাসড়কের জায়গীর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
গলাচিপা (পটুয়াখালী): গলাচিপায় গতকাল স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রাবেয়া বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রাবেয়া উপজেলার চরবিশ্বাস গ্রামের জহিরুল সিকদারের স্ত্রী।
বাঁশখালী (চট্টগ্রাম): বাঁশখালী উপজেলার শেখেরখীল রাস্তার মাথা এলাকার প্রধান সড়কে গতকাল দ্রুতগামী ট্রাক ও সিএনজির সংঘর্ষে আবদুর রহমান (৬০) নামে একজন নিহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় আরো দুই জনকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রহমান শেখেরখীল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা।
