দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হোয়াইট হাউজ জানিয়েছে, টেক্সাসের ‘হাওডি, মোদি’ শীর্ষক অনুষ্ঠানে তাদের সাক্ষাত্ হওয়ার কথা। ট্রাম্প প্রশাসন মনে করছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বের প্রাচীনতম ও বৃহত্তম গণতান্ত্রিক দেশের সম্পর্ক আরো দৃঢ় হওয়ার সুযোগ তৈরি হবে এই বৈঠকে। খবর এনডিটিভির
আগামী ২২ সেপ্টেম্বর মোদির উপস্থিতিতে হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন ৫০ হাজারের বেশি ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক। আমেরিকার মাটিতে সবচেয়ে বেশি ভোট পেয়ে সেরা বিদেশি নেতা নির্বাচিত হয়েছেন মোদি। এদিকে আগামী বছরই মার্কিন প্রেসিডেন্ট হিসাবে পুন:র্নিবাচিত হওয়ার জন্যে লড়াই করবেন ট্রাম্প। মনে করা হচ্ছে, অনুষ্ঠানে উপস্থিত ভারতীয় মার্কিনীরাও প্রেসিডেন্ট ট্রাম্পের সম্ভাব্য ভোটার।
মার্কিন হাউজ মেজরিটি লিডার স্টেনি হোয়ার এবং দ্বিতীয় সর্বোচ্চ ডেমোক্র্যাট ও মেরিল্যান্ডের প্রতিনিধি হিউস্টনে অনুষ্ঠানে ভাষণ দেবেন। পাশাপাশি অনুষ্ঠানে যোগ দেবেন সেখানকার গভর্নর, কংগ্রেসের সদস্য, মেয়র এবং অন্যান্য সরকারি কর্মকর্তাসহ এক প্রতিনিধি দল। আমেরিকান-হিন্দু কংগ্রেস ওম্যান তুলসি গ্যাবার্ড এবং ভারতীয়-আমেরিকান কংগ্রেস সদস্য রাজা কৃষ্ণমূর্তিসহ বেশ কিছু নেতাও যোগ দেবেন বলে জানা গেছে। এই বৈঠকের পর শুল্ক নিয়ে ভারত-আমেরিকার মধ্যে চলা কয়েক মাসের তিক্ততার অবসান ঘটিয়ে বেশ কয়েকটি প্রত্যাশিত বাণিজ্য চুক্তি ঘোষণা করার সম্ভাবনা রয়েছে।
