সাভারে জেলে ও অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ০০:০৫

সাভারে পৃথক স্থান থেকে এক জেলে ও অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, সাভারের ভাগলপুর মহল্লার বংশী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ২৪ ঘণ্টা পর গতকাল সোমবার সকালে বিনত রাজবংশী (৩৬) নামে এক জেলে এবং আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত জেলে বিনত রাজবংশী সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পানপাড়া এলাকার প্রফুল্ল রাজবংশীর ছেলে।

সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লিটন আহমেদ জানান, গত রবিবার দুপুরে সাভারের ভাগলপুর এলাকায় বংশী নদীতে মাছ ধরতে যান বিনত রাজবংশী। মাছ ধরা শেষে বিনত নৌকাটি পাড়ে বাঁধতে গেলে তা বাতাসে নদীর মধ্যে চলে যায়। এ সময় নৌকাটি আনতে বিনত নদীতে নামলে স্রোতের তোড়ে তিনি পানিতে তলিয়ে যান। সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে গতকাল সকালে বংশী নদীতে ভাসমান অবস্থায় জেলে বিনতের মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

অন্যদিকে উপজেলার নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের পরনে জিনসের প্যান্ট ও নীল রঙের গেঞ্জি ছিল। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) রামকৃষ্ণ জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে মুখ দিয়ে ফেনা বের হওয়ায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো ধরনের বিষক্রিয়ার ফলে তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

সাভারে বকেয়া বেতন পরিশোধ এবং কারখানা চালুুর দাবিতে টানা চার দিন ধরে বিক্ষোভসহ কর্মবিরতি পালন করে আসছেন ৯ শতাধিক পোশাকশ্রমিক। গতকাল সোমবার দুপুরেও দাবি আদায়ে সাভারের আক্রান-মিরপুর সড়কের সামাইর এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন উপজেলার বিরুলিয়া ইউনিয়নের সামাইর এলাকায় অবস্থিত সার্ক নিটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকেরা। একপর্যায়ে স্থানীয় বিরলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান সুজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগামী ২৫ সেপ্টেম্বর শ্রমিকদের পাওনা আদায় করে দেওয়ার আশ্বাস দিলে সড়ক থেকে অবরোধ তুলে নেন শ্রমিকেরা।