গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিকাণ্ড

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ২২:৩৯

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা শহরের সার্কুলার রোডে অবস্থিত জেলা বিএনপি কার্যালয়ে গত শনিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ৫০টি প্লাস্টিকের চেয়ার পুড়ে গেছে। এছাড়া আর তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

পুলিশ জানায়, স্থানীয় লোকজন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জেলা বিএনপি কার্যালয়ের  ভেতরে আগুন দেখতে পায়। তারা গাইবান্ধা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাইবান্ধা ফায়ার সার্ভিস কার্যালয়ের স্টেশন ব্যবস্থাপক আমিনুল ইসলাম মুঠোফোনে বলেন, কিছু প্লাস্টিকের চেয়ার ছাড়া কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কার্যালয়ের  ভেতর থেকে একটি পুড়ে যাওয়া বোতল পাওয়া গেছে। ওই বোতলে সম্ভবত কেরোসিন কিংবা পেট্রোল জাতীয় পদার্থ ছিল বলে ধারণা করা হচ্ছে।

সদর থানার ওসি খান মো. শাহরিয়ার বলেন, বিএনপির দলীয় মনোনয়ন পাওয়া না পাওয়া নিয়ে অভ্যন্তরীণ ক্ষুব্ধতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। যদিও দলীয় কার্যালয়ে আগুনের ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলে দাবি করছেন গাইবান্ধা জেলা বিএনপি সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল।