দিনাজপুর, অফিস
হাজারো ভক্ত ও পুণ্যার্থীর সম্মিলনে গত শনিবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত মুখরিত হয়ে উঠে দিনাজপুর সদর উপজেলার গোপালগঞ্জের সত্সঙ্গ বিহার প্রাঙ্গণ। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩১তম জন্ম মহোত্সব ও পরম পুজ্যবাদ শ্রী শ্রী বড়দার ১০৮তম জন্মতিথি মহোত্সব উপলক্ষে গত শনিবার দেশের বিভিন্ন স্থান থেকে মহাসমারোহ ঘটে এসব ভক্ত ও পুণ্যার্থীর।
সত্সঙ্গ বিহার আয়োজিত এই অনুষ্ঠানে সকাল থেকে শুরু হয় দিনব্যাপী অনুষ্ঠানের। সকাল ৬টা ৪০ মিনিটে সমবেত বিনতি প্রার্থনা ও শ্রী শ্রী ঠাকুরের অমিয় গ্রন্থাদি পাঠের মাধ্যমে এই উত্সবের উদ্বোধন হয়। এরপর নামজপ তত্পর দীক্ষানুষ্ঠান, শ্রী শ্রী ঠাকুরের জন্মলগ্ন ঘোষণা, ভক্তিমূলক অনুষ্ঠান, মঙ্গল শোভাযাত্রা, শ্রী শ্রী ঠাকুরের ভোগ নিবেদন, সত্সঙ্গ বাংলাদেশের ২৩৭তম ঋত্বিক অধিবেশন, লীলাকীর্তন, মাতৃ সম্মেলন, সমবেত বিনতি প্রার্থনা, সাধারণ ধর্মীয় সভাসহ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১১টায় শোভাযাত্রাটির উদ্বোধন করেন সহ-প্রতি ঋত্বিক শ্রী ধৃত ব্রত আদিত্য। সন্ধ্যায় সাধারণ ধর্মসভায় প্রধান অতিথি ছিলেন, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
প্রধান অতিথি ইকবালুর রহিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার গত ১০ বছরে দেশে সকল ধর্মের মানুষের সমঅধিকার নিশ্চিত করেছে। শেখ হাসিনার সরকার পুনরায় ক্ষমতায় আসলে এই সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন থাকবে।
সভায় সভাপতিত্ব করেন সত্সঙ্গ বাংলাদেশ-এর সভাপতি সহ-প্রতি ঋত্বিক শ্রী কুঞ্জবিহারী আদিত্য। বিশেষ অতিথি ছিলেন, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিত্ ঘোষ কাঞ্চন, পল্লী বিদ্যুত্ সমিতি-১ এর জিএম শ্রী হরেন্দ্র নাথ বর্মণ, সত্সঙ্গ রংপুর শাখার সম্পাদক শ্রী চিত্ত রঞ্জন সরকার খোকন, রংপুর মেডিক্যাল কলেজের নিউরোলজিষ্ট ডা. রাজ কুমার রায় প্রমুখ।
