আত্মহত্যা প্রতিরোধে কাজ করি একসাথে

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৮:১৮

১০ সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। এবারের প্রতিপাদ্য ছিল ‘আত্মহত্যা প্রতিরোধে কাজ করি একসাথে’। আন্তর্জাতিক আত্মহত্যা প্রতিরোধ সংস্থার সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন সংগঠনদের সমন্বয়ে হিল বাংলাদেশ ফাউন্ডেশন গত ১০ সেপ্টেম্বর ভোরে সংসদ ভবনের সামনে সাইকেল র্যালির আয়োজন করে। এই মনোমঙ্গল যাত্রায় যুক্ত হয়েছিল কান পেতে রই, এনজিও ফোরাম, দুরন্ত বাইসাইকেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগ, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ, মনোবিকাশ কেন্দ্র, প্রফিসি ফার্নিশার্স ও রফিউদ্দিন আহমেদ ট্রাস্ট। আত্মহত্যা প্রতিরোধে একসঙ্গে কাজ করে মঙ্গলবার্তা প্রচারণা করাই ছিল এর প্রধান উদ্দেশ্য। সংসদ ভবন থেকে চাকায় চাকায় মাইল পাড়ি দিয়ে রমনা পার্কের কুসুম চত্বরে এসে শেষ হয় এই সাইকেল র্যালি।

প্রতি সেকেন্ডে একজনকে আমরা আত্মহত্যার কারণে হারাচ্ছি। এর থেকে ২৫ গুণ বেশি মানুষ আত্মহত্যার চেষ্টা করছে। এরা সবাই আমাদের আপনজন। প্রিয়জন হারানোর এই মর্মান্তিক শোকের ছায়া আমাদের সবার জীবন করে তোলে অন্ধকারাচ্ছন্ন। তাই প্রয়োজন আত্মহত্যার ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়া, পদক্ষেপ গ্রহণ করা।

আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে হিল বাংলাদেশ ফাউন্ডেশন সারা মাসব্যাপী নানা কর্মকাণ্ডের আয়োজন করেছে। গত ১০ সেপ্টেম্বর বেইলি রোডে পরিচালিত হয়েছে যত্নশীল যৌথ সহায়ক মঞ্চ গঠন অনুষ্ঠান। সংকোচ কাটিয়ে মনের গোপন কষ্ট, আত্মহত্যার কথা প্রকাশ করার জন্য জরুরি নিরাপদ ও সম্ভব স্বচ্ছন্দের জায়গা সুনিশ্চিত করা ছিল এই মঞ্চের উদ্দেশ্য। এই ধারাবাহিকতায় আগামী ২১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে লালমাটিয়ায় এনজিও ফোরামে আয়োজন করা হবে তিনটি পৃথক মনোশালার। সবার জন্য উন্মুক্ত এই কর্মকাণ্ডে আত্মহত্যার প্রতিরোধে আশা জাগানোর জন্য সুস্থ মনের চর্চা করা হবে সারা দিন। আত্মহত্যা প্রতিরোধে সকল সচেতন নাগরিককে যুক্ত করে একসঙ্গে কাজ করার জন্য উন্মুক্ত আহ্বান জানানোই হলো হিল ফাউন্ডেশনের এই ক্ষুদ্র প্রচেষ্টা। সবার জন্য স্বনির্ভর জীবন ও মুক্তি প্রত্যাশা নিয়ে সুস্থ মন ও সুন্দর জীবন গড়ে তোলায় প্রতিজ্ঞা নিয়ে ২০১১ সাল থেকে স্বপ্রণোদিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিল বাংলাদেশ ফাউন্ডেশন সবার মাঝে ঐক্য-সাম্যের মনোবার্তা ছড়িয়ে দিতে একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে।