সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
সৈয়দপুরে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেলো এক এসএসসি পরীক্ষার্থী। গত শনিবার রাতে উপজেলার কামারপুকুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে বিয়ের প্রস্তুতিকালে অভিযান চালিয়ে ১৫ বছর বয়সী ওই কিশোরীর বিয়ে বন্ধ করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম গোলাম কিবরিয়া।
স্বেচ্ছাসেবকদের সংগঠন সুভার মাধ্যমে বাল্যবিয়ের খবর পেলে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সঙ্গে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে আগেই বরপক্ষ বিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে কনেসহ তার চাচা ও নিকটস্থ তিন আত্মীয়কে আটক করে নিয়ে যাওয়া হয়। পরে কনের বয়স প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত কনের বাবা-মা বিয়ে দিতে পারবে না এমন মর্মে মুচলেকা দিয়ে তাদের রাতেই ছেড়ে দেওয়া হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুভার সদস্য তাবাসসুম, আশিক, মাহামুদ, সোহেল, আমির, রিয়া প্রমুখ।
