রাউজান উপজেলার বিভিন্ন স্থানে পবিত্র ঈদে মিলাদুন্নবীকে (দ) স্বাগত জানিয়ে গত শনিবার বিকেলে শোভাযাত্রা করে ত্বরিকত ভিত্তিক সংগঠন গাউছিয়া কমিটি বাংলাদেশ। সংগঠনটির উপজেলার দক্ষিণ শাখার উদ্যোগে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের চুয়েট গেট হতে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় মিলুদুন্নবীর শ্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুনসহ তিন শতাধিক মোটরবাইক, পিকআপ, আটো রিকশাসহ নানা যানবাহন সহকারে সাধারণ সুন্নি জনতা অংশ নেয়। শোভাযাত্রাটি চুয়েট থেকে শুরু হয়ে মদুনাঘাট পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার পথ প্রদক্ষিণ করে নোয়াপাড়া তাহেরীয়া সুন্নিয়া মাদ্রাসায় এসে মিলাদ মাহফিলের মাধ্যমে সমাপ্তি ঘটে। একইদিন উপজেলার উত্তর শাখার উদ্যোগে দারুল ইসলাম সুন্নিয়া মাদ্রাসা হতে প্রায় সহস্রাধিক লোকের একটি শোভাযাত্রা চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের অংশ বিশেষ প্রদক্ষিণ করে জলিল নগর বাসস্ট্যান্ডে এসে দেশ ও জাতির শান্তি কামনায় মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘটে। এছাড়া গত শুক্রবার হলদিয়া ইউনিয়ন গাউসিয়া কমিটির উদ্যোগে আমীরহাট হতে জনিপাথর পর্যন্ত একটি শোভাযাত্রা এবং কদলপুর ইউনিয়ন গাউসিয়া কমিটির উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা হাফেজ বজলুর রহমান সড়কের মীরবাগীছা হতে লস্কর উজির দীঘি পর্যন্ত প্রদক্ষিণ করে কদলপুর স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এসে সমাপ্তি ঘটে।
