আদমদীঘিতে আওয়ামী লীগ নেতা হত্যার মূল আসামি গ্রেপ্তার

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ২২:৪১

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা

আদমদীঘি আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামকে (৫৫) গলা কেটে হত্যার মূল হত্যাকারী আসামি আইয়ুব আলী আকন্দকে গত শনিবার বগুড়া থেকে গ্রেপ্তার করে গতকাল রবিবার আদালতে প্রেরণ করেন। হত্যার অস্ত্র চাকু পুলিশ উদ্ধার করেছেন।  মামলার তদন্তকারী অফিসার ওসি তদন্ত বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মূল আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং হত্যাকাণ্ড ঘটনার সময় ব্যবহূত অস্ত্র লাঠি ও নিহতের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও মন্দিরপুকুর গ্রামের নজরুল ইসলামের সঙ্গে বাহাদুরপুর গ্রামের আফাজ উদ্দীনের ছেলে আইয়ুব হোসেনের মাদক ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আইয়ুব আলী ইয়াবা কিনতে চেয়ে গত ১৫ নভেম্বর সন্ধ্যায় মোবাইল ফোনে নজরুলকে ডেকে নেয়। নজরুল ইসলাম ইয়াবা ট্যাবলেট দেওয়ার জন্য ধান ক্ষেতের মধ্যে গেলে হত্যাকারীরা লাঠি দিয়ে নজরুলের মাথায় কয়েকটি আঘাত করে। এ সময় মাটিতে পড়ে গেলে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা নিশ্চিত করে হত্যাকারীরা পালিয়ে যায়। পরের দিন সকালে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করেন। এ ঘটনায় নিহতের ছোট ভাই শাহজাহান বাদী হয়ে অজ্ঞাতনামা উল্লেখ করে থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত করে গত ২ ডিসেম্বর মানিক ওরফে হান্নানকে আটক করে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন হয়।