যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয় :খামেনি

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ২০:২৪

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা কোনো দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন না। তবে যুক্তরাষ্ট্র যদি পরমাণু চুক্তিতে ফিরে গিয়ে কোনো বৈঠকে বসতে চায়, তাহলে সেক্ষেত্রে আলোচনা হতে পারে। মঙ্গলবার এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। দেশটির সরকারি টেলিভিশন চ্যানেলে তার এই বক্তব্য প্রচারিত হয়। খবর দ্য গার্ডিয়ানের

আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, এই আলোচনা মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো কর্মকর্তার সঙ্গেই হবে না; তা সে যে কোনো পর্যায় থেকেই আসুক না কেন। তবে আলোচনা একটি ইস্যুতেই হতে পারে, যদি যুক্তরাষ্ট্র ২০১৫ সালের পরমাণু চুক্তিতে ফিরে এসে নতুন করে সংলাপে বসতে চায়। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে তার বৈঠক হতে পারে। আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এই বৈঠক হতে পারে বলে তিনি ইঙ্গিত করেন। আর এই পরিপ্রেক্ষিতেই ইরানের সর্বোচ্চ নেতা মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে যে কোনো ধরনের আলোচনার সম্ভাবনার কথা নাকচ করে দেন। তিনি বলেন, একটি শর্তে এ আলোচনা হতে পারে তা যদি পরমাণু চুক্তি নিয়ে কোনো কথা হয়। খামেনি বলেন, ‘আমেরিকা যদি তাদের আচরণ পরিবর্তন করে এবং পারমাণবিক চুক্তিতে ফিরে যায়, তখনই ইরান চুক্তির অন্যান্য পক্ষের সঙ্গে বহুপাক্ষিক আলোচনায় বসতে পারে।’

অন্যথায় কারো সঙ্গেই কোনো আলোচনা হবে না বলে তিনি সাফ জানিয়ে দেন। তিনি বলেন, ‘আলোচনার যে কথা শোনা যাচ্ছে নিউ ইয়র্কে হওয়ার জন্য আমি বলব নিউ ইয়র্ক কেন, কোনো স্থানেই ঐ আলোচনা হবে না।’

মূলত সৌদি তেল স্থাপনায় হুতিদের ড্রোন হামলার পেছনে ইরানের সংশ্লিষ্টতা রয়েছে, এমন অভিযোগের পরই তেহরানের পক্ষ থেকে এমন কথা জানানো হলো। এ হামলার জেরে বর্তমানে বিশ্ববাজারে তেলের দাম হুহু করে বেড়ে গেছে। এতে করে মধ্যপ্রাচ্যে নতুন করে সংকটের সৃষ্টি হয়েছে। এমনকি অনেকে যুদ্ধের আশঙ্কাকেও উড়িয়ে দিচ্ছেন না।