যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার দেশ জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তিতে উপনীত হয়েছে। সোমবার মার্কিন কংগ্রেসকে পাঠানো এক চিঠিতে তিনি এ তথ্য জানান। চিঠিটি প্রকাশ করেছে হোয়াইট হাউস। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
ট্রাম্প জানান, কংগ্রেসের কোনো ধরনের অনুমোদন ছাড়াই জাপানের সঙ্গে হওয়া বাণিজ্য সমঝোতা বাস্তবায়ন করা হবে। চিঠিতে বাণিজ্য সমঝোতার কথা বললেও যুক্তরাষ্ট্রে জাপানি গাড়ি রপ্তানিতে নতুন করে শুল্ক আরোপ না করার বিষয়ে কিছু বলেননি ট্রাম্প। তবে আইনপ্রণেতাদের তিনি জানিয়েছেন, প্রেসিডেন্টের ঘোষণার মাধ্যমে এ বাণিজ্য বা শুল্ক চুক্তি কার্যকর করা হবে। এতে মার্কিন প্রেসিডেন্টের হাতে পারস্পরিক শুল্ক হ্রাসের অনুমতি দেওয়ার ক্ষমতা থাকবে।
এর আগে গত মে মাসে জাপান সফরকালে ট্রাম্প সাফ জানিয়ে দেন, দেশটির সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি চায় ওয়াশিংটন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে টোকিও ‘অন্যায্য’ সুবিধা নিচ্ছে। ফলে দুই দেশের মধ্যে নতুন করে বাণিজ্য চুক্তি করা প্রয়োজন।
টয়োটা, হোন্ডা ও নিশানের মতো বৃহদায়তন গাড়ি কোম্পানিগুলোর উদ্দেশে ট্রাম্প বলেন, টোকিও বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সুবিধা নিচ্ছে। এজন্যই তারা আমাদের এতো বেশি পছন্দ করে। তবে নতুন চুক্তি হওয়ার পর দুই দেশের বাণিজ্য ‘আরো অবাধ ও নিরপেক্ষ’ হবে।
