অনূর্ধ্ব-১৮ সাফ ফুটবল
স্পোর্টস রিপোর্টার
শিরোপা জয়ের লক্ষ্যেই আজ বুধবার অনূর্ধ্ব ১৮ সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে নেপালে যাচ্ছে বাংলাদেশ দল। দলের প্রধান কোচ অ্যান্ড্রু পিটার টার্নার এ অভিপ্রায়ের কথা জানিয়েছেন। অধিনায়ক ইয়াসিন আরাফাত নিজেদের অনুশীলন পর্বে সন্তুষ্টি জানিয়ে বলেছেন, নির্দিষ্ট দিনে ভালো নৈপুণ্য দেখাতে হবে দলকে।
নেপালের কাঠমান্ডুতে ২০ সেপ্টেম্বর শুক্রবার শুরু হবে সাত দলের এ আসর। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। এতে ইয়াসিনদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভারত। ‘এ’ গ্রুপে আছে বর্তমান চ্যাম্পিয়ন নেপাল, ভুটান, মালদ্বীপ ও পাকিস্তান। প্রতিটি গ্রুপ থেকে সেরা দুটি দল উঠবে সেমিফাইনালে। ফাইনাল হবে ২৯ সেপ্টেম্বর।
অনূর্ধ্ব ১৮ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দল ২১ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে খেলবে। এরপর ২৫ সেপ্টেম্বর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারতের।
বাংলাদেশ দল চার বছর আগে সাফ অনূর্ধ্ব ১৮র প্রথম আসরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল। ঐ আসরে ভারতের কাছে পেনাল্টি শুট আউটে হেরে গিয়েছিল দলটি। দুই বছর পর ভুটানে অনুষ্ঠিত দ্বিতীয় আসর হয়েছিল রাউন্ড রবিন লিগ ভিত্তিতে। সেবার নেপালের কাছে একমাত্র হারেই শিরোপা জয়ের কক্ষপথ থেকে ছিটকে দিয়েছিল বাংলাদেশ।
সেই ব্যর্থতাগুলো এবার শিরোপা জিতে পুষিয়ে নিতে চান কোচ পিটার টার্নার। ইংলিশ কোচটি বলেন, ‘শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামব আমরা। শিরোপা জিততে কে না চায়? দিন শেষে কারো না কারো হাতে তো সেটা উঠবেই, সে দলটা আমরাই কেন হব না?’
কাঠমান্ডু যাওয়া ২৩ সদস্যের দলে ফরটিস অ্যাকাডেমির চার জন খেলোয়াড় আছেন। বাকি ১৯ জনই উঠে এসেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়নশিপ লিগের বিভিন্ন দল থেকে। কোচকে স্বপ্নপূরণে অনুপ্রেরণা দিচ্ছে দলের প্রায় সবারই দেশের সর্বোচ্চ পর্যায়ে ফুটবল খেলার অভিজ্ঞতা। গতকাল মঙ্গলবার বাফুফে ভবনে সফরপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এই দলটার প্রায় সবারই দেশের সর্বোচ্চ পর্যায়ের ফুটবল খেলার অভ্যেসটা আছে। সঙ্গে শেষ কিছু দিনে টুর্নামেন্টের জন্য ফরটিসে নিবিড় প্রশিক্ষণও নিয়েছে ছেলেরা। তীব্র লড়াই করার জন্য প্রস্তুত আমার দল।’
অধিনায়ক ইয়াসিন আরাফাত কিছু দিন আগেই জাতীয় দলের হয়ে তাজিকিস্তান সফর করে এসেছেন। সদ্য সাইফ স্পোর্টিংয়ে পাড়ি জমানো এই ফুটবলার জানিয়েছেন জাতীয় দলের সঙ্গে অনুশীলন, সে পরিবেশে থাকার অভিজ্ঞতা তাকে মানসিকভাবে আরো পোক্ত করেছে। এ অভিজ্ঞতা আসন্ন সাফেও কাজে লাগাতে চান তিনি।
ইয়াসিন জানান, ঢাকার বেরাইদের ফরটিস অ্যাকাডেমিতে ২৫ আগস্ট শুরু হওয়া অনুশীলনে সব বিভাগের উন্নতিতেই জোর দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘রক্ষণ আক্রমণসহ সব বিভাগেই ভালো কাজ হয়েছে আমাদের। ভালো ফলাফলের জন্য সবাইকেই নিজের সর্বোচ্চটা দিতে হবে।’
এই অনুশীলন আশা জোগাচ্ছে সহকারী কোচ আলতাবুল হককেও। তিনি বলেন, ‘শেষ কিছু দিনের অনুশীলনে দলের টেকনিক্যাল এবং ট্যাকটিকাল দুটো দিক নিয়েই কাজ করেছি আমরা। সব মিলিয়ে অনুশীলন পর্বটা ভালোই হয়েছে। দলের মাঝে লড়াকু মানসিকতাও সঞ্চার হয়েছে এতে।’
