ফিলিপ কোটিনহো জানিয়েছেন তিনি বায়ার্ন মিউনিখে সুখী। বার্সেলোনা থেকে ধারে জার্মান ক্লাবটিতে যোগ দেয়ার পর ব্রাজিলের এই খেলোয়াড় নিজের আত্নবিশ্বাস ফিরে পাচ্ছেন বলেই মনে হচ্ছে। সেই আত্নবিশ্বাস যেটা তার ছিল লিভারপুলে এবং ক্যাম্প ন্যুতে প্রথম মৌসুমে খেলার সময়। কোটিনহো স্কাই স্পোর্টসকে বায়ার্নে তার প্রথম সপ্তাহগুলো এবং বুন্দেশলিগা ক্লাবটিতে নিজের খাপ খাইয়ে নেয়া সম্পর্কে কথা বলেন। সাবেক বার্সা তারকা বলেন, ‘প্রথম কয়েকদিনে তারা আমাকে সব সুযোগ সুবিধাগুলো দেখায়। আমি আমার দলসঙ্গীদের এবং কোচদের সাথে পরিচিত হই। প্রতিদিনই আমি কিছুটা ভাল বোধ করছি। আমি সত্যি এখানে সুখী।’ কোটিনহো এও জানান যে, থিয়াগো আলকানতারা তাকে অনেক সাহায্য করেছে। বিশেষ করে যোগাযোগের ক্ষেত্রে। কারণ কোটিনহোর মতে জার্মান ভাষা অনেক কঠিন।
