ইত্তেফাক রিপোর্ট
অর্থমন্ত্রীর নির্দেশনার পর এবার ২৭টি বিমা কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে সময়সীমা বেঁধে দিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এসব কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে গত সোমবার চিঠি পাঠিয়ে আগামী ডিসেম্বরের মধ্যে বাজারে তালিকাভুক্ত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যথায় বিমা আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।
গত রবিবার বিমা প্রতিষ্ঠানগুলোর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে মতবিনিময়কালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অতালিকাভুক্ত বিমা কোম্পানিগুলোকে আগামী তিন মাসের মধ্যে তালিকাভুক্ত হওয়ার নির্দেশ দেন। অন্যথায় তাদের নিবন্ধন সনদ বাতিল করা হবে বলে ঘোষণা দেন তিনি।
দেশে বর্তমানে ৭৮টি বিমা কোম্পানির কার্যক্রম চলমান রয়েছে। এর মধ্যে ৪৭টি কোম্পানি বর্তমানে পুঁজিবাজারে তালিকাভুক্ত। বাকি ২৭টি এখনো তালিকাভুক্ত হয়নি। এর মধ্যে ১৮টি জীবন বিমা কোম্পানি ও ৯টি সাধারণ বিমা কোম্পানি রয়েছে। অবশ্য এর মধ্যে দুটি বিদেশি কোম্পানিসহ চারটি কোম্পানির বাজারে তালিকাভুক্ত হতে কিছু জটিলতা রয়েছে বলে সূত্র জানিয়েছে।
১৮টি কোম্পানি হলো বায়রা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, গোল্ডেন লাইফ, হোমল্যান্ড লাইফ, সানফ্লাওয়ার লাইফ, বেস্ট লাইফ, চার্টার্ড লাইফ, এনআরবি গ্লোবাল লাইফ, প্রোটেক্টিভ ইসলামি লাইফ, সোনালী লাইফ, জেনিথ ইসলামি লাইফ, আলফা ইসলামি লাইফ, ডায়মন্ড লাইফ, গার্ডিয়ান লাইফ, যমুনা লাইফ, মার্কেন্টাইল ইসলামি লাইফ, স্বদেশ লাইফ, ট্রাস্ট ইসলামি লাইফ, এলআইসি বাংলাদেশ। অন্যদিকে ৯টি সাধারণ বিমা কোম্পানি হলো ক্রিস্টাল ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স, সাউথ এশিয়া ইন্স্যুরেন্স, ইসলামি কমার্শিয়াল ইন্স্যুরেন্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, সেনাকল্যাণ ইন্স্যুরেন্স ও সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আলোচ্য কোম্পানিগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার মাধ্যমে মূলধনের ৪০ শতাংশ অর্থ প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ সংগ্রহ করবে।
