শেয়ারবাজারে ফের সূচকের পতন

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:১১

ইত্তেফাক রিপোর্ট

সোমবার পুঁজিবাজার সংশ্লিষ্টদের নিয়ে অর্থমন্ত্রীর বৈঠকের পরদিনই গতকাল মঙ্গলবার ফের উভয় শেয়ারবাজারে সূচকের পতন হয়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক প্রায় ৩১ পয়েন্ট কমে ৪ হাজার ৯২৯ পয়েন্টে অবস্থান করছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, অর্থমন্ত্রীর বহুল আলোচিত সভাটির কোনো ইতিবাচক প্রভাব পড়েনি পুঁজিবাজারে। তারা বলছেন, পুঁজিবাজারকে স্বল্প ও দীর্ঘমেয়াদে টেকসই করার জন্য কিছু সিদ্ধান্ত নেওয়া দরকার। অর্থমন্ত্রীর ঐ সভায় এসব বিষয়ে আলোচনা হয়েছে। কিছু ইতিবাচক সিদ্ধান্তও এসেছে।

গতকাল ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৭১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার বিপরীতে কমেছে ২৩৬টির। আর ৬৬টির দাম অপরিবর্তিত রয়েছে। অবশ্য লেনদেন সোমবারের  চেয়ে কিছুটা কমেছে। ডিএসইতে লেনদেন হয়েছে ৪৩৫ কোটি ৫৬ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৮৮ কোটি ৮০ লাখ টাকার। সে হিসেবে লেনদেন বেড়েছে ৪৬ কোটি ৭৬ লাখ টাকা।

এছাড়া লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে—ন্যাশনাল টিউবস, মুন্নু জুট স্টাফলার্স, লিগাসি ফুটওয়্যার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, স্কয়ার ফার্মাসিউটিক্যাল, জে এম আই সিরিঞ্জ, স্টাইল ক্রাফট, মুন্নু সিরামিক, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এবং বিকন ফার্মাসিউটিক্যাল।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৫০ পয়েন্টে। বাজারটিতে লেনদেন হয়েছে ৩৯ কোটি ৩৯ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৪৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫৭টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।