লালমনিরহাটে গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ২২:৪৩

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নিজপাড়া এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জাকির  হোসেন (৩২) নামে এক মাদক বিক্রেতা গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করে লালমনিরহাট সদর থানা পুলিশ। গুলিবিদ্ধ জাকির হোসেন ওই এলাকার কাজি চওড়া গ্রামের আজিজার রহমান ওরফে আজিজ মিলেটারির ছেলে। রবিবার সকালে সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের চালান নিয়ে কয়েকজন মাদক বিক্রেতা মহেন্দ্রনগর ইউনিয়নে ঢুকে পড়েছে এমন খবরের ভিত্তিতে নিজপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় মাদক বিক্রেতারা পুলিশের ওপর হামলা করলে পুলিশ দুই রাউন্ড শর্টগানের গুলি ছোঁড়ে। এতে জাকির  হোসেন দুই পায়ে গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে একশত পিস ইয়াবা জব্দ করা হয়।  লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক বলেন, মাদক বিক্রেতা জাকির হোসেনের বিরুদ্ধে থানায় ৯টি মাদক ও ডাকাতি মামলা রয়েছে। যার মধ্যে চারটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।