গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ শহরের সীতানাথ মথুরানাথ (এসএম) মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার ব্যাপক সাড়া জাগিয়েছে। এ কর্নারে রক্ষিত বঙ্গবন্ধু সম্পর্কিত বই পড়ে শিক্ষার্থীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন, ত্যাগ, আদর্শ ও দর্শন সম্পর্কে জানতে পারছে।
স্কুলের সহকারী শিক্ষক সেলিমা আক্তার বেলী জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে সামনে রেখে ২০১৮ সালে গোপালগঞ্জ শহরের ঐতিহ্যবাহী সীতানাথ মথুরানাথ (এসএম) মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হয়। নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুকে জানান দিতে এখানে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীসহ বঙ্গবন্ধুর ওপর রচিত শতাধিক বই রাখা হয়েছে। শিশুদের জন্য সংগ্রহ করা হয়েছে বঙ্গবন্ধুর আদেশ, নিষেধ ও উপদেশমূলক শিশুতোষ গ্রন্থ। এছাড়া বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ওপর নির্মিত ডকুমেন্টারি বঙ্গবন্ধু কর্ণারের টিভি পর্দায় প্রতিদিন প্রদর্শিত হচ্ছে। এটি দেখেও শিশুরা বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হচ্ছে। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী নিয়ে বঙ্গবন্ধু কর্ণারে ১৬ সপ্তাহের পাঠচক্র শুরু হয়েছে। পাঠচক্র শেষে মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় মেধাতালিকায় অবস্থানকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।
চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আরাফাত আদার বলে, ঐ কর্ণারে বঙ্গবন্ধুর ওপর রচিত বিভিন্ন বই রয়েছে। এ বই থেকে আমরা বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারছি।
ছাত্রী অফসরা আজম বলে, কর্নার হওয়ায় বঙ্গবন্ধু সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে পারছি। এ মহান নেতা সম্পর্কে যতই জানছি, ততই তার সম্পর্কে জানার আগ্রহ বাড়ছে। তাই আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করে যাব।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া খানম বলেন, আগামী প্রজন্ম যাতে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারে সেজন্যই আমরা স্কুলে ২০১৮ সালে বঙ্গবন্ধু কর্ণার করেছি।
গোপালগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনন্দ কিশোর সাহা বলেন, জেলার ৮৬২টি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু বিদ্যালয়ে এসএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আদলে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে সামনে রেখে বাকি স্কুলগুলোতেও বঙ্গবন্ধু কর্নার করব।
