চট্টগ্রাম অফিস
চট্টগ্রামে বিভিন্ন অভিযোগে ১০টি যানবাহনকে ৪৮ হাজার টাকা জরিমানা করেছে বিআরটিএ। বিআরটিএ চট্টগ্রামের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মনজুরুল হক গতকাল মঙ্গলবার এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, কাউন্টার ব্যতীত বিভিন্ন পয়েন্ট থেকে যাত্রী নেওয়া ও বাসে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী তোলার অপরাধে মেট্রো প্রভাতীর একটি বাসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভাঙাচোরা ফিটনেসবিহীন বাস নামানোর অপরাধে রাব্বি-রাফি পরিবহনের বাসটিকে ১৫ হাজার টাকা জরিমানা করেন ম্যাজিস্ট্রেট। এছাড়া হাইড্রলিক হর্ন ব্যবহার, ফিটনেসবিহীন গাড়ি চালানোসহ বিভিন্ন অপরাধে আরো ৮টি যানবাহন থেকে ২২ হাজার ৯শ টাকা জরিমানা আদায় করে প্রত্যেকটি পরিবহণকে সতর্ক করা হয়।
ওয়াসায় অভিযোগ ট্র্যাকিং সিস্টেম চালু
চট্টগ্রাম ওয়াসা অভিযোগ ট্র্যাকিং সিস্টেম চালু করেছে। এর মাধ্যমে গ্রাহকরা তাদের অভিযোগ দেয়ার পাশাপাশি পাইপ লাইন লিকেজ বা কোনো সমস্যার তথ্য ওয়াসাকে দিতে পারবে। গতকাল মঙ্গলবার ওয়াসার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহকরা অভিযোগ স্ট্যাটাস ট্র্যাকারের মাধ্যমে মোবাইলে প্রেরিত রেফারেন্স নম্বরের সাহায্যে তাদের অভিযোগের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে পারবেন।
