শিক্ষা কার্যক্রমে চসিক বছরে ৩৬ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে -------------- মেয়র নাছির

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৭

চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানের পিছনে বছরে ৩৬ কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। সিটি করপোরেশন ৪৮টি মাধ্যমিক বিদ্যালয়, ২৩টি কলেজ, একটি বিশ্ববিদ্যালয়, একটি কম্পিউটার ইনস্টিটিউট, পাঁচটি কম্পিউটার ক্যাম্পাস, সাতটি কিন্ডার গার্ডেন, দুইটি প্রাথমিক বিদ্যালয়, ৩৫০টি ফোরকানিয়া মাদ্রাসা, একটি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র, একটি গণশিক্ষা কেন্দ্র ও একটি সিটি করপোরেশন পাবলিক লাইব্রেরি পরিচালনা করছে। এছাড়া সিটি করপোরেশন এলাকায় চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিটি মেয়র আজম নাছির উদ্দিন এই তথ্য তুলে ধরেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য রক্ষা স্ট্যান্ডিং কমিটির চার বছর পূর্তি উপলক্ষ্যে সিটি করপোরেশন এর নিয়ন্ত্রণাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন অগ্রগতির চিত্র তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করপোরেশনের শিক্ষা বিভাগ।