সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
চিকিত্সক সংকটের কারণে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আশানুরূপ সেবা থেকে বঞ্চিত হচ্ছে রোগীরা।
জানা গেছে, ৫০ শয্যার সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন চিকিত্সকের পদ থাকলেও মাত্র দুইজন চিকিত্সা সেবা দিয়ে আসছেন। সাত লাখ মানুষের স্বাস্থ্যসেবা দিতে দুই চিকিত্সক হিমশিম খাচ্ছেন। এ অবস্থা চলতে থাকায় উপ স্বাস্থ্যকেন্দ্রগুলোর চিকিত্সকদের ডেপুটেশনে নিয়ে চিকিত্সা দেওয়া হচ্ছে। তারা আউটডোরে চিকিত্সা না দিয়ে পালাক্রমে জরুরি বিভাগে চিকিত্সা দিয়ে আসছেন। এতে করে আউটডোরে রোগীরা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এদিকে উপ স্বাস্থ্যকেন্দ্রগুলো চিকিত্সকশূন্য হয়ে পড়েছে।
চিকিত্সক না থাকায় দীর্ঘদিন থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির অপারেশন থিয়েটারে যন্ত্রাংশগুলো মরিচা ধরে দিনের পর দিন নষ্ট হয়ে যাচ্ছে।
এ নিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইয়াকুব আলী মোড়ল জানান, চিকিত্সকের জন্য ঊধ্বর্তন কর্তৃপক্ষের কাছে আবেদন করে কোনো সুফল পাওয়া যায়নি। যারা চিকিত্সকসেবা দিয়ে আসছে তারাও আউটডোরে চিকিত্সা না দিয়ে নিজের ইচ্ছামতো জরুরি বিভাগে চিকিত্সা দিয়ে আসছেন। এতে করে সাধারণ ও জরুরি বিভাগের রোগীদের সেবা ব্যাহত হচ্ছে।
