ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহে শেষ হয়েছে জেলা সংসদীয় বিতর্ক উত্সব। মঙ্গলবার জেলা শিশু একাডেমি মিলনায়তনে এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহ পৌরসভার সহযোগিতায় ঝিনাইদহ ডিবেটিং সোস্যাইটির আয়োজনে গত বছরের নভেম্বর মাসে জেলাব্যাপী শুরু হওয়া এ বিতর্ক প্রতিযোগিতায় সর্বমোট ২৮টি কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
‘এই সংসদ মনে করে, শুধু আইন প্রণয়নের মাধ্যমেই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব’ এ বিষয়ের ওপর ফাইনালে সরকারি দল হিসেবে অংশ নেয় সরকারি নুরুন্নাহার মহিলা কলেজ ও বিরোধী দলের ভূমিকায় প্রতিযোগিতা করে কোট চাঁদপুরের সাফদারপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা।
যুক্তিতর্ক শেষে বিজয়ী হয় সরকারি নুরুন্নাহার মহিলা কলেজ। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।
