মোরেলগঞ্জে শিশু খুন সত্-মা গ্রেফতার

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৯

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা

মোরেলগঞ্জে ছয় বছরের শিশু সিয়াম মোল্লাকে হত্যার অভিযোগে তার সত্-মা ফেরদাউসি বেগম (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেলার বদনীভাঙ্গা গ্রামে স্বামীর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সিয়ামের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করেছে। নিহত সিয়াম বদনীভাঙ্গা গ্রামের মিরাজ মোল্লার ছেলে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, রবিবার বিকাল থেকে সিয়াম নিখোঁজ ছিল। সিয়ামের সত্-মা ফেরদাউসির আচরণ সন্দেহজনক হওয়ায় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি সিয়ামকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেন। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির টয়লেটের পাশে আবর্জনার মধ্য থেকে মঙ্গলবার সকালে সিয়ামের লাশ উদ্ধার করা হয়।