দিনাজপুর অফিস
দেশকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যেতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি। তিনি বলেছেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকায় ভোট দিন। সরকার কিছু পরিকল্পনা নিয়ে এগুচ্ছে। সেগুলো বাস্তবায়ন করতে আরো সময় প্রয়োজন। এজন্য সমাজের শিক্ষিত ও গ্রহণযোগ্য ব্যক্তিকে অবদান রাখতে হবে। শিক্ষকরা হচ্ছেন সমাজের দর্পণ। শিক্ষকদের সমাজে গ্রহণযোগ্যতা রয়েছে।
রবিবার উপজেলার ঘণ্টাঘর বাজারের নেপালী কর্ণারে উপজেলা শিক্ষক সমিতির আয়োজনে কলেজের অধ্যক্ষ, প্রভাষক ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, দারিদ্র্যশূন্য দেশ গড়তে ক্ষমতায় গেলে প্রবৃদ্ধি দুই ডিজিটে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার। বাঙালি হবে বিশ্বের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত জাতি।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দিনাজপুর এবং চিরিরবন্দর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মোঃ আহসানুল হক মুকুলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খানসামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক সফিউল আযম চৌধুরী লায়ন, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম আযম পারভেজ প্রমুখ।
