ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহে সাপের কামড়ে শাহীন হোসেন ও সোহান হোসেন নামের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে শৈলকুপা উপজেলার নাগপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই ভাইয়ের চাচা আবুল কাশেম জানান, রাত ১টার দিকে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপ প্রথমে ছোটো ভাই সোহানকে এবং পরে বড়ো ভাই শাহীনকে কামড় দেয়। জ্বালাপোড়া শুরু হলে ঘুম থেকে উঠে ঘরের মধ্যে সাপ দেখতে পায় তারা। এরপর তারা সাপটি মেরে ফেলে। প্রথমে তাদের ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হয়। অবস্থা খারাপ হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে ছোটো ভাই সোহান মারা যায়। সকাল সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া হাসপাতালে বড়ো ভাই শাহীনের মৃত্যু হয়।
