গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা
রংপুর-১ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে নাগরিক ঐক্যের শাহ রহমাতুল্লাকে মনোনয়ন দেওয়ায় তাকে অবাঞ্ছিত ও আলটিমেটাম ঘোষণা করেছে বিএনপি। গতকাল রবিবার সকালে উপজেলা বিএনপি কার্যালয়ে এক প্রতিবাদ সমাবেশে ঘোষণা দেন উপজেলা বিএনপি সভাপতি ও মনোনয়ন প্রত্যাশী ওয়াহেদুজ্জামান মাবু। নাগরিক ঐক্যের শাহ রহমাতুল্লা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন। তবে বিএনপি মনোনয়ন প্রত্যাশীরা চরমভাবে হতাশ।
উপজেলা বিএনপি সভাপতি ও মনোনয়ন প্রত্যাশী ওয়াহেদুজ্জামান মাবু বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে নাগরিক ঐক্যের শাহ রহমাতুল্লাকে মনোনয়ন দেওয়ায় তাকে অবাঞ্ছিত ও আলটিমেটাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার না করলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।
জানা যায়, এ আসনে বিএনপি থেকে তিনজনকে মনোনয়ন দেওয়া হয়। এরা হলেন— জেলা বিএনপি সাধারণ সম্পাদক রইচ আহমেদ, জেলা বিএনপি সহ-সভাপতি ও গঙ্গাচড়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান মাবু এবং জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপি উপদেষ্টা মোকাররম হোসেন সুজন।
জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপি উপদেষ্টা মোকাররম হোসেন সুজন বলেন, মনোনয়ন দেওয়ার পর শেষ মুহূর্তে এসে কেড়ে নিল। অনেক আশা করেছিল দল তাকে মনোনয়ন দিবে। কিন্তু না তা আর দিলো না।
