বিশেষ প্রতিনিধি
ভারতের বিশাখাপত্তমে তিন দিনের প্রশিক্ষণ সফর শেষে গতকাল মঙ্গলবার বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধ জাহাজ বানৌজা সমুদ্র অভিযান বিশাখাপত্তম নৌ জেটি ত্যাগ করেছে। গত ১৪ সেপ্টেম্বর হতে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত এ প্রশিক্ষণ সফরে অংশগ্রহণ করে। বিশাখাপত্তম নৌ জেটি ত্যাগকালে ভারতীয় নৌবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের সু-সজ্জিত বাদক দল বাদ্য পরিবেশনার মাধ্যমে জাহাজটিকে বিদায় জানায়।
গত ১৫ সেপ্টেম্বর বিশাখাপত্তম নেভাল জেটিতে প্রশিক্ষণ সফরকালে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সমুদ্র অভিযান ভারতীয় নৌবাহিনীর সম্মানে অনবোর্ড অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করে। এ অনুষ্ঠানে ভারতীয় নৌবাহিনীর রিয়ার এডমিরাল পুনেট চন্দ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ডিফেন্স এডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম মুহাম্মদ জিয়াউর রহমান, বানৌজা সমুদ্র অভিযান জাহাজের অধিনায়ক কমান্ডার এম জহিরুল, ভারতীয় নৌবাহিনীর পূর্বাঞ্চলীয় উচ্চপদস্থ কর্মকর্তা ও জাহাজে অবস্থানরত কর্মকর্তা ও নাবিকগণ এ সময় উপস্থিত ছিলেন। গত ১৬ সেপ্টেম্বর প্রশিক্ষণের অংশ হিসেবে মিডশিপম্যান ও জুনিয়র অফিসারগণ বিশাখাপত্তম নৌ জেটিতে ভারতীয় নৌবাহিনী জাহাজ কোমার্টা এবং মেরিটাইম ওয়ারফেয়ার সেন্টারে (এমডব্লিউসি) শিপ হ্যান্ডেলিং সিমুলেটর পরিদর্শন করেন। এছাড়া তারা একই জেটিতে ডিপ সাবমার্জেনস রেসকিউ ভেসেল (ডিএসআরভি) পরিদর্শন করেন। একইদিন ভারতীয় নৌবাহিনীর ২০ জুনিয়র অফিসার বানৌজা সমুদ্র অভিযান পরিদর্শন করেন।
বানৌজা সমুদ্র অভিযান আগামীকাল ১৯ সেপ্টেম্বর চট্টগ্রামস্থ নৌ জেটিতে পৌঁছাবে বলে আশা করা যায়। জাহাজটি গত ১৪ সেপ্টেম্বর শ্রীলঙ্কার কলম্বো বন্দর হতে বিশাখাপত্তমে পৌঁছেছিল।
