বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত চার

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪৩

ইত্তেফাক ডেস্ক

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন। গত সোম ও গতকাল মঙ্গলবার এসব দুর্ঘটনা ঘটে। ব্যুরো, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—

শ্রীপুর (গাজীপুর) : শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসের চাপায় দুই মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন। গত সোমবার পৌর এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা ওড়াল সেতুতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন হবিগঞ্জ জেলার মাধবপুর থানার গোপীনাথপুর গ্রামের লুত্ফর রহমান (২৮) ও কুড়িগ্রাম জেলার পাইকপাড়া কৃষ্ণপুর গ্রামের নাজমুস সাকিব (৩৫)। লুত্ফর ময়মনসিংহের ভালুকার সীডস্টোর এলাকায় পাখির ফিডের ব্যবসা এবং নাজমুস একই এলাকায় পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

পঞ্চগড় : বোদা উপজেলায় ট্রাকের চাপায় সাইকেল আরোহী বিপ্লব রব্বানী (৪২) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। গতকাল বোদা পৌরসভা বাইপাসে এ দুর্ঘটনা ঘটে। তিনি নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি এলাকার।

বরিশাল : জেলার হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের মাউনতলা স্কুল সংলগ্ন এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় মকবুল মোল্লা (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। তিনি একই ইউনিয়নের বাজিত খাঁ গ্রামের। গত সোমবার শেবাচিম হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।