প্রত্যাবাসন নিশ্চিতে রোহিঙ্গাদের দুই প্রস্তাব চীনা দলের

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪৩

কক্সবাজার প্রতিনিধি

প্রত্যাবাসন নিশ্চিত করতে রোহিঙ্গাদের দুটি প্রস্তাবনা দিয়েছেন ক্যাম্প পরিদর্শনে আসা চীনা প্রতিনিধিদল। রোহিঙ্গাদের একটি প্রতিনিধিদল গঠন করে রাখাইন রাজ্যের পরিস্থিতি দেখতে পাঠানোর কথা বলেন চীনের রাষ্ট্রদূত লি জিমিং।  সেখানে পরিস্থিতি দেখতে যাওয়া রোহিঙ্গাদের জন্য দুটি প্রস্তাব দেন তিনি। একটি হলো— রোহিঙ্গা প্রতিনিধিদলের সবাইকে জনপ্রতি দুটি করে মোবাইল সেট দেয়া হবে। একটি নিজে সে দেশে যাওয়ার সময় নিয়ে যাবেন, অন্যটি এখানে পরিবারের কাছে রাখবেন। যদি মিয়ানমারে পরিস্থিতি ভালো হয়, মোবাইলে পরিবারকে সে দেশে ডেকে নিয়ে যাবেন। আরেকটি হলো— প্রতিনিধিদল মিয়ানমারে গিয়ে অবস্থা দেখে ঘুরে চলে আসবেন। যদি সেখানের অবস্থা ভালো দেখে আসেন তাহলে পরিবার নিয়ে মিয়ানমারে ফেরত যাবেন।

সোমবার কক্সবাজারের টেকনাফের শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের সিআইসি কার্যালয়ে ২০ জন রোহিঙ্গা নারী-পুরুষের সঙ্গে বৈঠকে এই প্রস্তাব উত্থাপন করেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং। এ সময় বাংলাদেশ শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন সহকারী কমিশনারসহ চীনের প্রতিনিধিদলের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকে রোহিঙ্গা নেতারা বলেন, মিয়ানমারে নাগরিকত্ব, কেড়ে নেওয়া জমিজমা ফেরত দেওয়া হলে এবং নিরাপত্তার নিশ্চয়তা পেলে স্বেচ্ছায় সেখানে ফিরে যাবেন তারা।

মিয়ানমারে ফিরে যেতে কী সমস্যা— চীনের প্রতিনিধিদলের প্রধানের এই প্রশ্নের জবাবে রোহিঙ্গারা বলেন, মিয়ানমারে এখনো রোহিঙ্গাদের জন্য শান্তির পরিবেশ সৃষ্টি হয়নি। সেদেশে বিবদমান গ্রুপের মধ্যে সংঘাত লেগে আছে। এখনো যেসব রোহিঙ্গা সেদেশে রয়েছে, তাদের ওপর নির্যাতন চলছে। এছাড়া ২০১২ সালে আকিয়াবে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে কয়েক মাসের জন্য একটি জায়গায় জড়ো করে রাখলেও এখন পর্যন্ত একই অবস্থায় রয়েছে তারা।

কী করলে মিয়ানমারে যাবেন— এমন প্রশ্নের উত্তরে এ শিবিরের রোহিঙ্গা নেতা গুরা মিয়া ও মোহাম্মদ জসিম বলেন, আমাদের তিনটি দাবি পূরণ করলে কালই স্বেচ্ছায় নিজ দেশে চলে যাবো।