হোসেনপুরে গোয়ালঘরে থাকা সেই বৃদ্ধা মায়ের পাশে প্রশাসন

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:৫৫

হোসেনপুর উপজেলার সন্তানের অবজ্ঞা ও অবহেলায় গোয়ালঘরে আশ্রয় নেওয়া সেই বৃদ্ধা মা সমলা খাতুনের (৮১) পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। গত সোমবার জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর নির্দেশে সেই বৃদ্ধা সমলা বিবির বাড়িতে যান হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন। এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. খলিলুর রহমান সরকার, সাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মাহবুবুল হকসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

শেখ মহি উদ্দিন জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বৃদ্ধা সমলা বিবির হাতে বয়স্ক ভাতার কার্ড ও তাত্ক্ষণিক কিছু আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। তার (সমলা খাতুন) চলাফেরার সুবিধার্থে একটি হুইল চেয়ারও দেওয়া হবে। তিনি আরো জানান, তার ছেলেদের পিতা-মাতার ভরণপোষণ আইনের প্রয়োগ ও ব্যবহার সম্পর্কে সতর্ক করা হয়। তার দুই ছেলে এজন্য মায়ের কাছে ক্ষমা চায়। ভবিষ্যতে এমন কাজ হোসেনপুর উপজেলায় হতে দেওয়া হবে না মর্মে সবাই প্রত্যয় ব্যক্ত করেন। এমন হূদয় বিদারক কাজের বিপরীতে সংশ্লিষ্ট আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান শেখ মহি উদ্দিন।