চারদিকে ভয় অনিশ্চয়তা অস্থিতিশীলতা ----------------ফখরুল

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:৫৬

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমানে শিশুরাও দেশের প্রতিহিংসা ও বিদ্বেষের রাজনীতির শিকার। রাজনৈতিক প্রতিহিংসা থেকে তারাও রক্ষা পাচ্ছে না। বর্তমানে ভয় ও আতঙ্কের মধ্যে বেড়ে উঠছে তারা। আমরা কোন সমাজ নির্মাণ করছি? যে সমাজে ফুলের মতো শিশুদের আমরা ভালোবাসতে পারছি না, তাদের জন্য সুন্দর ভবিষ্যত্ গড়ে দিতে পারছি না। চারদিকে অনিশ্চয়তা, অস্থিতিশীলতা। একটা ভয় কাজ করছে। গতকাল মঙ্গলবার রাজধানীর আইডিইবি ভবনে জিয়া শিশু অ্যাকাডেমি আয়োজিত ১১তম জাতীয় শিশুশিল্পী প্রতিযোগিতা শাপলাকুঁড়ি-২০১৯ উদ্বোধন           অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়া শিশু একাডেমির মহাপরিচালক এম হুমায়ুন কবির।

মির্জা ফখরুল বলেন, শিশুদের জন্য নিরাপদ ও সুন্দর বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছেন রাজনীতিবিদরা। আমরা অনেক দালান কোঠা-উন্নয়ন করেছি, কিন্তু শিশুদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে পারিনি। এসময় শিশুদের ভালো মানুষ হওয়ার এবং নিরাপদ, সমৃদ্ধ, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান জানান ফখরুল। রাজনৈতিক কারণেই খালেদা জিয়া আজ অন্যায়ভাবে বন্দি বলেও মন্তব্য করেন তিনি।