ফরিদপুরে অস্ত্রোপচারের পর প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গাইনোকলজিস্ট ও অবস বিশেষজ্ঞদের নিয়ে গঠিত কমিটিকে তিন সপ্তাহের মধ্যে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার এই আদেশ দেন।
গত পহেলা সেপ্টেম্বর একটি জাতীয় দৈনিকে ‘ফরিদপুরে চিকিত্সকের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ’ শীর্ষক প্রতিবেদন যুক্ত করা হয়। এতে বলা হয়, ফরিদপুরের ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালে চিকিত্সক ও সংশ্লিষ্টদের অবহেলায় প্রসূতি মৃত্যুর অভিযোগ করেছেন রোগীর পরিবারের সদস্যরা। ৩০ আগস্ট শুক্রবার সকাল ১১টার দিকে প্রসূতি ফরিদপুর হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক খায়রুন্নাহার তানির সিজারিয়ান অপারেশনের মাধ্যমে কন্যাশিশুর জন্ম দেন। পরদিন শনিবার সকাল ৭টায় হাসপাতালে মারা যান। অভিযোগ অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ।
এ ঘটনায় তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী মো. ইশতিয়াক আহমেদ। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এমকে রহমান ও এম মইনুল ইসলাম। শুনানি নিয়ে হাইকোর্ট অন্তর্বর্তীকালীন আদেশের পাশাপাশি রুল জারি করে।
