৬৯তম জন্মদিনে মায়ের সঙ্গে দেখা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মা হীরা বেনের কাছে চাইলেন আশীর্বাদ। গুজরাটের গান্ধিনগরের কাছে থাকেন হীরা বেন। সেখানে গতকাল মঙ্গলবার দুপুরে পৌঁছান প্রধানমন্ত্রী। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি টুইটার বার্তায় প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
৯৮ বছরের হীরাবেন তার ছোট ছেলে পঙ্কজ মোদির সঙ্গে রাইসিন গ্রামে থাকেন। গতকাল নবতিপর মায়ের সঙ্গে বসে দুপুরের খাবার খেতে দেখা যায় প্রধানমন্ত্রী মোদিকে। খাওয়া-দাওয়ার পরে প্রতিবেশিদের সঙ্গে দেখা করতে যান মোদি। ব্যস্ত সূচির মধ্যেও গুরুত্বপূর্ণ দিনে মায়ের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী মোদি। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে তিনি মায়ের সঙ্গে দেখা করেছিলেন। ছেলে মোদির শপথগ্রহণও টেলিভিশনের পর্দায় দেখেছিলেন হীরা বেন। রাষ্ট্রপতি ছেলের শপথগ্রহণ করানোর সময় তাকে হাততালি দিতেও দেখা গিয়েছিল।
সোমবার রাতে গুজরাটে পৌঁছান মোদি। সকালে গান্ধিনগর থেকে বিমানে পৌঁছান কেভাডিয়াতে। ‘স্ট্যাচু অব ইউনিটি’ এবং ‘সর্দার সরোবর বাঁধ’ পরিদর্শনে যান তিনি। ২০১৭ সালের ১৭ সেপ্টেম্বর এই বাঁধের উদ্বোধন করেছিলেন মোদি। সেই উপলক্ষে বাঁধটি সুন্দর করে সাজানো হয়েছে রংবেরঙের বাল্ব দিয়ে। সর্দার সরোবর বাঁধ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা প্রথমবারের মতো সরদার সরোবর বাঁধটি পূর্ণ দেখেছি। এমন একটা সময় ছিল যখন ১২২ মিটারের লক্ষ্যে পৌঁছানো বড়ো ব্যাপার ছিল। তবে ৫ বছরের মধ্যে ১৩৮ মিটার পর্যন্ত সর্দার সরোবর ভরাট করা আশ্চর্যজনক এবং অবিস্মরণীয়।
