পরিবেশ দূষণের দায়ে নারায়ণগঞ্জ, ঢাকা ও নরসিংদীর সাতটি কারখানাকে মোট এক কোটি ৩২ লাখ ২২ হাজার ৮৪৮ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের পরিচালক রুবিনা ফেরদৌসীর নেতৃত্বে অনুষ্ঠিত শুনানিতে এ জরিমানা ধার্য করা হয়।
পরিবেশগত ছাড়পত্র গ্রহণ না করে ও ইটিপি স্থাপন না করে অপরিশোধিত তরল বর্জ্য সরাসরি পরিবেশে নির্গত করে পরিবেশ দূষণ করার দায়ে নারায়ণগঞ্জের ‘ইব্রাহিম কম্পোজিট টেক্সটাইল মিলস্ লিমিটেডকে’ ১ কোটি ২১ লাখ ৮০ হাজার ৮০০ টাকা ছাড়াও ইটিপি নির্মাণাধীন সময়ে আগামী ছয় মাস পর্যন্ত প্রতিমাসে ৩ লাখ ৩২ হাজার ৮০০ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে। এছাড়া অকার্যকর ইটিপি পরিচালনার মাধ্যমে অপরিশোধিত তরল বর্জ্য সরাসরি পরিবেশে নির্গত করে পরিবেশ দূষণ করার দায়ে একই জেলার ‘ইউনিটি কম্পোজিট মিলস্ (প্রাঃ) লিমিটেডকে’ ৩ লাখ ৯৯ হাজার ৩৬০, ‘টেক্স জীপারস্ (বিডি) লিমিটেডকে’ ১ লাখ ৭০ ৭৫২ এবং জেলার সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর, জৈনপুর, ছয়হিস্যা, চর ভাটিবন্দর এবং রতনপুর মৌজায় বিস্তীর্ণ কৃষি জমি, জলাভূমি এবং নিচু ভূমি অবৈধভাবে ভরাট করার দায়ে ‘মেঘনা ইকোনমিক জোন লিমিটেডকে ১ লাখ, অন্যদিকে অপরিশোধিত তরল বর্জ্য সরাসরি পরিবেশে নির্গত করে পরিবেশ দূষণ করার দায়ে নরসিংদী জেলার ‘মেসার্স বি.এল এপারেলস্ লিমিটেডকে ৩ লাখ, ‘জুনায়েদ ডাইং এন্ড প্রিন্টিং লিমিডেটকে’ ৭০ হাজার এবং ঢাকার সাভারের ‘ইয়ং জিন ইন্টারন্যাশনাল কোং লিমিটেডকে ১ হাজার ৯৩৬ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়।
