টেকনোলজিস্ট যখন চিকিত্সক!

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ২২:১১

আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব টেকনোলজিস্ট জাকির হোসেনের বিরুদ্ধে জ্বরের রোগীকে ভুল রিপোর্ট প্রদানের অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয় তিনি অ্যান্টিবায়োটিক খাওয়ার পরামর্শও দিয়েছেন রোগীকে। পরামর্শ অনুযায়ী ওষুধ খেয়ে ঐ রোগীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার স্থানীয় প্রেসক্লাবে এ অভিযোগ করেন উপজেলার দক্ষিণ বিজয়পুর গ্রামের সাজিদুল হক টুটুল ভুঁইয়ার কন্যা সৌখিন আক্তার।

সৌখিন আক্তার জানান, ‘গত ২ সেপ্টেম্বর হঠাত্ করে তার মা নাজমিন নাহার কেয়া জ্বরে আক্রান্ত হন। এরপর তাদের পূর্বপরিচিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব টেকনোলজিস্ট ও গৌরনদী আঁখি ডায়াগনস্টিক সেন্টারের একাংশের মালিক জাকির হোসেনকে জ্বরের বিষয়টি জানানো হয়। তিনি গত ৫ সেপ্টেম্বর তাদের বাড়িতে গিয়ে ডেঙ্গু পরীক্ষার জন্য রক্ত ও টেস্টের টাকা নিয়ে আসেন। জাকির হোসেন তার মাকে কোনো রিপোর্ট না দিয়ে তার ডেঙ্গু জ্বর নেই বলে মোবাইল ফোনে জানান ও অ্যান্টিবায়োটিক খাওয়ার পরামর্শ দেন। গত ৮ সেপ্টেম্বর তার মায়ের পেটে ব্যথা শুরু হলে জাকির হোসেন ঐদিন তাদের বাসায় গিয়ে তার মায়ের শরীরে গ্যাস্ট্রিকের ইনজেকশন পুশ করেন। জাকিরের ইনজেকশন পুশের পর তার মায়ের অবস্থা আরো অবনতি হয়। ৯ সেপ্টেম্বর তার মা নাজমিন নাহার কেয়া মারা যান।’ অভিযুক্ত জাকির হোসেন বলেন, ‘আমি যখন ডেঙ্গু পরীক্ষা করেছি তখন নেগেটিভ ছিল। তবে তাকে ওষুধ সেবনের পরামর্শ দেইনি।’ আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিত্সক ডা. বখতিয়ার আল মামুন জানান, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’