কয়েক মাস আগে স্ত্রীর পরকীয়া সম্পর্ক মেনে নিতে না পেরে প্রেমিকের কান কেটে নিয়েছিলেন স্বামী। সেই ঘটনার প্রতিশোধ নিতে এবার জনসম্মুখে স্বামী সোহাগ সরদারের কান কেটে নিল প্রেমিক রাজিব। টুঙ্গিপাড়ার শ্রীরামকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শ্রীরামকান্দি গ্রামের শওকত সরদারের ছেলে সোহাগ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার সোহাগ পাটগাতী বাসস্ট্যান্ডের কাউন্টার থেকে টিকিট নেওয়ার সময় হঠাত্ পেছন থেকে স্ত্রীর প্রেমিক রাজিবসহ ৮/৯ জন দল বেঁধে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সোহাগকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় সোহাগের শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে জখমসহ বাম কান সম্পূর্ণ কেটে পলিথিন ব্যাগে করে নিয়ে তারা উল্লাস করতে করতে চলে যায়। গুরুত্বর আহত সোহাগকে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
সোহাগ সরদার বলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ শুকুর আহম্মেদের পুত্র রাজিব শেখ দলবল নিয়ে হামলা করে আমার কান কেটে নিয়ে যায়। সে দীর্ঘদিন ধরে আমার স্ত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। এছাড়া যারা আমার ওপর হামলা করেছে তাদের প্রত্যেককে আমি চিনি।
উল্লেখ্য, কয়েকমাস পূর্বে পরকীয়ার জেরে সোহাগ সরদার প্রেমিক রাজিবের কান কেটে নিয়েছিলেন বলে এলাকাবাসী জানান।
