ইতালির রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার সার্বিয়ার জ্যেষ্ঠ উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আইভিকা ড্যাসিকের সঙ্গে গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর) তার কার্যালয়ে সাক্ষাত করেছেন। এ সময় দুদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে কিভাবে আরও শক্তিশালী করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
সার্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অনুবিভাগের মহাপরিচালক এবং এশিয়া অনুবিভাগের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
অপরদিকে, রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন দূতাবাসের ইকনমিক কাউন্সেলর মানস মিত্র ও প্রথম সচিব (রাজনৈতিক) রাজীব ত্রিপুরা।
আরও পড়ুন: মিয়ানমারের শতাধিক সিমকার্ডসহ ৩ রোহিঙ্গা আটক
আলোচনায় সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী দুদেশের সম্পর্ক উন্নয়নে রাজনৈতিক সংলাপ এবং উভয় দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি দুদেশের ঐতিহাসিক বন্ধুত্বের ওপর ভিত্তি করে সামগ্রিক দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করার বিষয়ে তার আগ্রহের কথা জানান।

রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একমত পোষণ করেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমানের সঙ্গে সাবেক যুগোস্লাভিয়ার রাষ্ট্রপতি মার্শাল জোসেফ টিটোর ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন।
রাষ্ট্রদূত জানান দুদেশের সম্পর্ক উন্নয়নে বিশেষত অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার ব্যাপারে তিনি আন্তরিকতার সঙ্গে কাজ করছেন। এ প্রসঙ্গে তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরে তার সার্বিয়ার ব্যবসায়ীদের সঙ্গে বাণিজ্যিক সেমিনারে অংশগ্রহণের প্রসঙ্গ উল্লেখ করেন।
তিনি বলেন, সেমিনারে দুদেশের অর্থনৈতিক বাণিজ্য বৃদ্ধির ব্যাপারে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করা হবে । তিনি দুদেশের মধ্যে ‘প্রতিরক্ষা চুক্তি’ এবং ‘সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি’ স্বাক্ষরের জন্য চূড়ান্ত পর্যায়ে রয়েছে মর্মে সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন।
রাষ্ট্রদূত উচ্চ পর্যায়ের সফরের মাধ্যমে এ চুক্তি স্বাক্ষর সম্পাদন করা যেতে পারে বলে মত ব্যক্ত করলে সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে তার আগ্রহের কথা জানান।
সাক্ষাত শেষে রাষ্ট্রদূত বেলগ্রেডে বাংলাদেশ ও সার্বিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি বিষয়ক সেমিনারে যোগ দেন। রোমস্থ বাংলাদেশ দূতাবাস এবং সার্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে গত ১৩ সেপ্টেম্বর ‘চেম্বার ভবনে’ এ সেমিনার অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের উন্নয়ন চিত্র, বিদ্যমান বিনিয়োগ বান্ধব পরিবেশ, বিনিয়োগের সম্ভাব্য ক্ষেত্রসমূহ, বিদেশী বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ সরকার প্রদত্ত বিভিন্ন সুযোগ-সুবিধা এবং বাংলাদেশ ও সার্বিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রসমূহ নিয়ে সেমিনারে আলোচনা করা হয়।
এক্ষেত্রে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি, দ্বৈতকর অব্যাহতি চুক্তি এবং দুদেশের বাণিজ্যিক সংগঠনগুলোর মধ্যে সমঝোতা স্মারক চুক্তি করা যায় মর্মে সেমিনারে মত প্রকাশ করা হয়।
রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সেমিনারে সার্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া অনুবিভাগের কর্মকর্তা এবং চেম্বার অব কমার্স এর নেতৃবৃন্দসহ প্রায় ৩০ জন সার্বিয়ান ব্যবসায়ী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চেম্বার অব কমার্সের আন্তর্জাতিক বিভাগের পরিচালক মিজ জেলেনা জোভানোভিস।
রাষ্ট্রদূত বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশে রূপান্তরিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০২১ এবং ভিশন-২০৪১ সম্পর্কে এবং বিগত দশ বছরে বাংলাদেশের ধারাবাহিক অর্থনৈতিক উন্নয়নের চিত্র ব্যবসায়ীদের কাছে তুলে ধরেন।
ইত্তেফাক/অনি
