১০টি ডকইয়ার্ডসহ প্রস্তাবিত স্টেডিয়ামের কার্যক্রম বন্ধ

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৫৭

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পূর্ব গ্রাম এলাকার শীতলক্ষ্যা নদীর তীর দখল করে গড়ে ওঠা ডকইয়ার্ডসহ প্রস্তাবিত স্টেডিয়ামে অভিযান পরিচালনা করেছে বিআইডব্লিউটিএ। আলম ডকইয়ার্ড, তুহিন ডকইয়ার্ড, মালেক ডকইয়ার্ডসহ ১০টি জাহাজ নির্মাণ কারখানা (ডকইয়ার্ড) এবং প্রস্তাবিত স্টেডিয়ামের নামে অবৈধভাবে জায়গা দখল করায় কার্যক্রম বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ। এ সময় প্রস্তাবিত স্টেডিয়ামে রাখা বিপুল পরিমাণ সিমেন্টের স্লাব ২ লাখ টাকায় নিলামে বিক্রি করা হয়। এছাড়া ভরাটকৃৃৃত অংশের আংশিক ভেকু দিয়ে কেটে দেওয়া হয়।

গতকাল মঙ্গলবার সকাল থেকে বিআইডব্লিউটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামালের সার্বিক তত্ত্বাবধানে অভিযানে আরো উপস্থিত ছিলেন পরিচালক (বন্দর ও পরিবহন) শফিকুল হক, উপপরিচালক মো. শহিদুল্লাহ, সহকারী পরিচালক এহতেশামুল পারভেজ প্রমুখ। অভিযানে বিআইডব্লিউটিএর দুটি এস্কাভেটর (ভেকু), একটি উচ্ছেদকারী জাহাজসহ বিপুলসংখ্যক পুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন। যুগ্মপরিচালক শেখ মাসুদ কামাল জানান, বেশ কিছুদিন আগে শীতলক্ষ্যা নদীর তীরে প্রায় এক একর জমি দখল করে বালু ফেলে ভরাট করা হয়। সেখানে স্টেডিয়ামের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু সেখানে খেলার উপযোগী ব্যবস্থা না করে সেখানে পাথরের ব্যবসা চালিয়ে আসছিল কতিপয় রাজনৈতিক নেতাকর্মী।