গাজীপুর সিটি করপোরেশন এলাকায় সড়ক প্রশস্ত করার কারণে ৪ হাজারেরও বেশি বৈদ্যুতিক খুঁটি সড়কের মাঝে রয়ে যাওয়ায় মারাত্মক ঝুঁকি সৃষ্টি করলেও এগুলো স্থানান্তরের কোনো উদ্যোগ নিচ্ছে না পল্লী বিদ্যুত্ সমিতি। সিটি করপোরেশন থেকে পল্লী বিদ্যুত্ কর্তৃপক্ষকে বারবার অনুরোধ করা হলেও এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে সড়কের মাঝে দণ্ডায়মান এসব খুঁটি যানবাহন ও লোকজনের চলাচলে মারাত্মক বাধা হয়ে দাঁড়িয়েছে। এতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটারও আশঙ্কা করছেন এলাকাবাসী। পল্লী বিদ্যুত্ কর্তৃপক্ষ অবশ্য বলছে সিটি এলাকায় হঠাত্ বিপুলসংখ্যক বিদ্যুতের খুঁটি স্থানান্তরের বাজেট এ মুহূর্তে তাদের নেই।
নগরীর নলজানীর গাজীপুর পল্লী বিদ্যুত্ সমিতি-১ এর অফিসের পার্শ্ববর্তী নাটা সড়ক ঘুরে দেখা গেছে, সিটি করপোরেশন কর্তৃপক্ষ রাস্তা প্রশস্তকরণের কাজ শেষ করেছে অনেক আগেই। এ সড়কের ডান পাশের সব বৈদ্যুতিক খুঁটি এখন রাস্তার মাঝ বরাবর দণ্ডায়মান রয়েছে। ব্যস্ত এ সড়কে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।
এলাকাবাসী জানায়, এ রাস্তায় ট্রাক মিনিবাস প্রাইভেটকারসহ ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করে। বৈদ্যুতিক এ খুঁটিগুলো এখন সড়কের মাঝে থাকায় যে কোনো সময় এগুলোর সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে রাতের বেলা বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে সড়কটি। শুধু নাটা সড়ক নয়, সিটি করপোরেশনের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসন হক মার্কেট পর্যন্ত চার কিলোমিটার সড়কের অন্তত দুই কিলোমিটার জুড়ে রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেনের কাজ করে যাচ্ছে ঠিকাদার। এছাড়া গাজীপুরের বিভিন্ন সড়কে রাস্তার মাঝখানে খুঁটি রেখে রাস্তার কাজ সম্পন্ন করা হচ্ছে। গাজীপুর সিটি করপোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে পল্লী বিদ্যুত্ সমিতি সিটি করপোরেশনের সঙ্গে কোনো সহযোগিতা করছে না। রাস্তা নির্মাণের আগে তাদের বৈদ্যুতিক খুঁটি সরিয়ে নেওয়ার জন্য চিঠি দেওয়া হলেও পল্লী বিদ্যুত্ কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি।
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম জানান, আমরা সড়কের নির্মাণকাজ শুরুর আগেই তাদের চিঠি দিয়ে বিদ্যুতের খুঁটি স্থানান্তরের জন্য বলেছি, তবে তারা এ বিষয়ে এখনো কোনো উদ্যোগ নেয়নি। এ ব্যাপারে গাজীপুর পল্লী বিদ্যুত্ সমিতি- ১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী যুবরাজ চন্দ্র পাল জানান, বিশাল আয়তনের এই সিটিতে হঠাত্ বিপুলসংখ্যক বিদ্যুতের খুঁটি স্থানান্তরের বাজেট এ মুহূর্তে আমাদের নেই। তবে সিটি করপোরেশনের আবেদনের প্রেক্ষিতে জনদুর্ভোগের কথা বিবেচনা করে সড়কের উন্নয়ন কাজে কতগুলো খুঁটি স্থানান্তর করতে হবে এর একটি জরিপ শুরু করা হয়েছে। পরে প্রকল্প তৈরির মাধ্যমে খুঁটিগুলো স্থানান্তরের উদ্যোগ নেওয়া হবে।
