গাজীপুরে বিদ্যুতের তার ছিঁড়ে গ্যাসলাইনে আগুন

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ০০:০৪

গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর কলেজের সীমানা প্রাচীরের ওপর দিয়ে চলে যাওয়া ৩৩ হাজার কেভি বিদ্যুতের লাইনে হঠাত্ স্পার্কিংয়ের পর বিকট শব্দে একটি তার ছিঁড়ে তিতাস গ্যাসের সরবরাহ লাইনের ওপর পড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা গিয়ে আগুন নেভান। মঙ্গলবার সকালে ঐ অগ্নিকাণ্ডে কলেজ শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তবে মঙ্গলবার বিকালেও একাধিক লিকেজ দিয়ে প্রচণ্ড বেগে গ্যাস বের হতে দেখা যায়। যে কোনো সময় আবার বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

ভাওয়াল মির্জাপুর কলেজের অধ্যক্ষ মো. এনামুল হক জানান, কলেজের পূর্ব পাশের সীমানা প্রাচীরের ওপর দিয়ে গাজীপুর পল্লীবিদ্যুত্ সমিতির ৩৩ হাজার কেভির লাইন চলে গেছে। মঙ্গলবার সকাল থেকেই বিদ্যুত্ যাওয়া-আসা করছিল। ১১টার দিকে পাশে থাকা ট্রান্সফরমারে একটি বিকট শব্দ হয়। এর প্রায় ১০ মিনিট পর আবারও বিকট শব্দে বিদ্যুতের তারে স্পার্কিং হয় এবং একটি তার ছিঁড়ে নিচে থাকা তিতাসের সরবরাহ লাইনের ছিদ্রপথে নির্গত গ্যাসের ওপর পড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।

জয়দেবপুর ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন অফিসার মো. আবু ইউসুফ জানান, কলেজের সীমানা প্রাচীর ঘেঁষে তিতাস গ্যাসের একটি সরবরাহ লাইন চলে গেছে। এ লাইনটির স্থানে স্থানে বড়ো ধরনের লিকেজ রয়েছে। ঐ লিকেজ দিয়ে প্রচণ্ড বেগে গ্যাস বেরুচ্ছে। মঙ্গলবার সকালে বিদ্যুতের ছেঁড়া তার ঐ নির্গত গ্যাসের ওপর পড়ে গেলে স্পার্কিংয়ের আগুন থেকেই অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে পাইপলাইনের ফুটো বন্ধ না করলে আবারও বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। গাজীপুর তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন অফিসের সুপারভাইজার সামশুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঐ লাইনটি বন্ধ করার জন্য ভাল্বটি খুঁজে পাওয়া যায়নি। তাই মঙ্গলবার গ্যাস লাইনটির সংযোগ বন্ধ করা সম্ভব হয়নি। আজ সকালে লোকবল নিয়ে লাইনটি উচ্ছেদ করা হবে।

গাজীপুর পল্লীবিদ্যুত্ সমিতি-২-এর ডিজিএম মো. জিল্লুর রহমান জানান, রাতে বৃষ্টির সময় ঢাকা-ময়মনসিংহ রুটে মূললাইনে সমস্যা হলে তা বন্ধ রেখে বিকল্প হিসেবে কলেজ রুটের লাইনটি ব্যবহার করা হচ্ছিল। এতে ওভারলোড হওয়ায় লাইনের জাম্পারে স্পার্কিং হয়ে বিদ্যুতের তার বিচ্ছিন্ন হয়ে নিচে পড়ে যায়। পরে মঙ্গলবার দুপুরে বিদ্যুতের তার মেরামত করে লাইনটি সচল করা হয়েছে।