হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফী বলেছেন, কওমি মাদ্রাসার দাওরা হাদিসকে মাস্টার্সের সমমর্যাদা দিয়ে প্রধানমন্ত্রী আলেমদের সম্মানিত করেছেন। তাই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। তিনি আরো বলেন, খালেদা জিয়া আলেমদের কিছু দেননি। এ জন্য তিনি এখন আপসোস করছেন। বড়ো বড়ো আলেমরা কওমি মাদ্রাসার দাওরা হাদিসের মাস্টার্সের সমমর্যাদা চেয়েছিলেন কিন্তু কোনো সরকারের আমলেই এটির স্বীকৃতি পাওয়া যায়নি। শেখ হাসিনা এ স্বীকৃতির মাধ্যমে আলেমদের মর্যাদা দিয়ে প্রশংসা নিয়ে নিয়েছেন। গতকাল মঙ্গলবার দুপরে উপজেলার বারদী ইউনিয়নের বারদী বাজার মারকাজ মসজিদ সংলগ্ন ঈদগাহ্ মাঠে বেফাকুল মাদারিসিল আরাবিয়া সোনারগাঁ শাখার আঞ্চলিক পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও ইসলামী মহাসম্মেলনে প্রধান মেহমান হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাবলিগ জামাতের জন্য অনেক জায়গা জমি দিয়েছেন। ওনার মেয়ে শেখ হাসিনা আমাদেরকে মাস্টার্স পাশের মর্যাদা দিয়েছেন। যা দুনিয়াতে এখনো কেউ দেয় নাই।
অনুষ্ঠানে আল্লামা মুফতি মুহাম্মদ হাতেমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। বিশেষ অতিথি ছিলেন বারদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহিরুল হক, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব আল্লামা আব্দুল কুদ্দুস প্রমুখ।
