নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাঁজাসহ ১৭ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৩ (সিপিসি-৩) এর সদস্যরা। সোমবার রাতে উপজেলার চনপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। র্যাব-৩ (সিপিসি-৩) এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আক্তারুজ্জামান জানান, চনপাড়া এলাকায় দীর্ঘদিন যাবত্ মাদক ব্যবসায়ীরা গাঁজাসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছিল বলে র্যাবের কাছে সংবাদ ছিল। এরই প্রেক্ষিতে সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃত রিপন ও জিয়াকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অপরদিকে সজীব, ফারুক, সাহেব আলী, মেহেদী, রমজান, মোহাম্মদ আলীসহ ১৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। এ সময় আরো উপস্থতি ছিলেন র্যাব-৩ (সিপিসি-৩) এর অতিরিক্ত পুলিশ সুপার বীনা রানী দাস, সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার কফিল উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার বশির আহম্মেদসহ আরো অনেকে।
