৩৪ পেরিয়ে স্বনন

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ০০:১৭

৩৪ বছর পেরিয়ে এলো আবৃত্তি সংগঠন স্বনন। গতকাল মঙ্গলবার স্বননের নতুন ও পুরোনো সদস্যদের এক  মিলনমেলায় পরিণত হয়েছিল জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তন। অনুষ্ঠানের শুরুতেই ৩৪টি মোমবাতি পজ্বালনের মধ্য দিয়ে ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের উদ্বোধন করেন বরেণ্য অভিনেত্রী সংসদ সদস্য সুবর্ণা মোস্তফা। এতে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী। বিশেষ অতিথি ছিলেন অভিনয় ও বাচিকশিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়। স্বাগত বক্তৃতা দেন স্বননের সভাপতি আবৃত্তিশিল্পী রূপা চক্রবর্তী।

অনুষ্ঠানে আবৃত্তি করেন নাজমুল আহসান, শাম্মিন সুলতানা মুন্নি, মুনা চৌধুরী, মো. নুরুজ্জামান, নাবিলা উর্মি, শৈলেন্দ্র বিশ্বাস, রূপা চক্রবর্তী প্রমুখ। রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ, নির্মলেন্দু গুণ, মুহম্মদ নূরুল হুদা, হাবীবুল্লাহ সিরাজী, কামাল চৌধুরী, তসলিমা নাসরিনসহ বরেণ্য কবিদের কবিতা আবৃত্তি করেন আয়োজক সংগঠন ‘স্বনন’ এর শিল্পীরা।

আলিয়াঁস ফ্রঁসেজে দলীয় চিত্র প্রদর্শনী

আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার গ্যালারি জুমে শুরু হলো—‘অনুষঙ্গ’ শীর্ষক দলীয় চিত্র প্রদর্শনী। গতকাল মঙ্গলবার প্রদর্শনীর উদ্বোধন করেন  শিল্পী হাসান মাহমুদ এবং গ্যালারি শিল্পাঙ্গনের পরিচালক রুমি নোমান। এই দলীয় প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন—নাসরিন জাহান, সাজিয়া রহমান সন্ধ্যা, জাকিয়া আফরোজ, রাজিন মুসতাফা দীপ্র, প্রীতম পিতু, বাপ্পি লিংকন রায়, প্রদীপ সাহা, শারমিন আকতার লীনা, নবরাজ রায়, নাবিলা নবী, পারভেজ হাসান রিগান, কুন্তল বড়াই,  এস এম এহসান,  ইকবাল বাহার চৌধুরী এবং  মাহাবুব আলম।  প্রদর্শনীটি চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। সোমবার থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে। রবিবার সাপ্তাহিক বন্ধ। প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত।