টাকা পাওয়ার কথা স্বীকার করায় ছাত্রলীগ নেতাকে হুমকি

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ০০:২২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প থেকে ২৫ লাখ টাকা পাওয়ার কথা স্বীকার করায় একাধিক মাধ্যম থেকে হুমকির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যসহ সাত শিক্ষক ও তিন ছাত্রলীগ নেতার মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করারও অভিযোগ উঠেছে।

গতকাল রাতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের অতিথি কক্ষে এক সংবাদ সম্মেলনে সাদ্দাম বলেন, ‘৯ আগস্ট উপাচার্যের বাসায় যে প্রকল্পের টাকা ভাগ-বাটোয়ারা করা হয়েছে সেই তথ্য আমি গণমাধ্যমে দিয়েছি। তার কারণে আমি হুমকির শিকার হচ্ছি। গত কয়েকদিন আগে আমার ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে। বিকাল থেকে আমার মোবাইল ফোন দিয়ে কারো সঙ্গে যোগাযোগ করতে পারছি না। শাখা ছাত্রলীগের সহসভাপতি নিয়ামুল হোসেন তাজ, সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লার মোবাইলেও একই সমস্যা হয়েছে। এছাড়া অপরিচিত বিভিন্ন ফোন নম্বর থেকে কল করে বিশ্ববিদ্যালয় ছাড়ার হুমকি দিচ্ছে।’ এদিকে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আমির হোসেন, সাবেক উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির, অধ্যাপক সাঈদ ফেরদৌস, অধ্যাপক জামাল উদ্দিন, অধ্যাপক শামীমা সুলতানা, অধ্যাপক রায়হান রাইন, সহযোগী অধ্যাপক তারেক রেজার মোবাইল ফোন সংযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।