থানায় ওসির দায়িত্ব মনিটরিং করছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ০০:৩০

নতুন ডিএমপি কমিশনারের দায়িত্ব নেওয়ার তিন দিনের মাথায় রাজধানীর থানাগুলোতে ওসির দায়িত্ব মনিটরিং করতে মাঠে নেমেছে ঊর্ধ্বতন কর্মকর্তারা। দীর্ঘদিন ধরে নগরবাসীর দাবি ছিল—থানায় সেবামূলক কার্যক্রম সিনিয়র কর্মকর্তাদের দিয়ে মনিটরিং করা হোক। গত ১৪ সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব নেন শফিকুল ইসলাম। দায়িত্ব নেওয়ার এক দিনের মাথায় তিনি ঘোষণা দেন যে, আমাদের সিনিয়র কর্মকর্তারা থানায় বসবেন। প্রয়োজনে আমি নিজে থানায় গিয়ে ওসিগিরি করব। জনসাধারণের সেবা কার্যক্রম নিশ্চিত করতে প্রতিদিন প্রতিটি থানায় ঊর্ধ্বতন কর্মকর্তারা ২ ঘণ্টা থেকে ৩ ঘণ্টা পর্যন্ত কার্যক্রম মনিটরিং করবেন।

মঙ্গলবার থেকে ডিএমপির ৫০টি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) সঙ্গে নিয়ে থানার কার্যক্রম পর্যবেক্ষণ করছেন অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা। তারা থানায় সেবা নিতে আসা ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে, সমস্যা সমাধান করার চেষ্টা করছেন। ধানমন্ডি থানা মনিটরিং করেন ধানমন্ডি জোনের অতিরিক্ত উপকমিশনার আব্দুল্লাহিল কাফি। তিনি বলেন, আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ এবং অন্যান্য যারা আছেন, তারা এ কাজটি করছেন। তারা এখনো করছেন। জনমনের যে প্রত্যাশা সেটি সম্পূর্ণরূপে পূরণ করার উদ্দেশ্যেই তাদের সঙ্গে আমরাও মাঝে মাঝে বসছি।