এখন থেকে জেলা প্রশাসকের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি নিয়োগ দেবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী। ফলে দপ্তরি নিয়োগে আর কোনো ভূমিকা থাকল না স্কুল ম্যানেজিং কমিটির। এতদিন ম্যানেজিং কমিটির প্রস্তাবের মাধ্যমেই এই পদে নিয়োগ দেওয়া হতো।
এ সংক্রান্ত নতুন নীতিমালায় বলা হয়েছে, পাঁচ সদস্যের কমিটি নিয়োগ দিবেন দপ্তরি কাম প্রহরী। এই কমিটির সভাপতি থাকবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও সদস্য সচিব হবেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। আর বাকি তিন জন সদস্য হলেন— সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার, জেলা শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার। গতকাল মঙ্গলবার মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন স্বাক্ষরিত এই নীতিমালা জারি করা হয়।
স্কুল ম্যানেজিং কমিটির অনিয়ম-দুর্নীতির অভিযোগে সম্প্রতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলমান দপ্তরি কাম প্রহরী নিয়োগ স্থগিত করেছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে সেই স্থগিতাদেশের এক মাসের মধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি পদে আউট সোর্সিংয়ের মাধ্যমে চুক্তিভিত্তিক জনবল সংগ্রহের সংশোধিত নীতিমালা জারি করল মন্ত্রণালয়। নীতিমালা অনুযায়ী, দপ্তরি কাম প্রহরী পদে প্রার্থীকে সংশ্লিষ্ট ক্যাচমেন্ট এলাকার বাসিন্দা হতে হবে। বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা কোটায় বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। প্রার্থীকে ন্যূনতম অষ্টম শ্রেণি পাশ হতে হবে। নৈশ প্রহরায় উপযুক্ত, সাইকেল চালানোয় পারদর্শী ও সুঠাম দেহের পুরুষ প্রার্থীরাই শুধু এ পদের জন্য আবেদন করতে পারবেন।
