প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, প্রশিক্ষণ ছাড়া বিদেশে গিয়ে কর্মীরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। তাই দক্ষ কর্মী পাঠানোর ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। একইসঙ্গে অভিবাসন ব্যয় কীভাবে আরো কমানো যায়—সে লক্ষ্যেও সরকার কাজ করে চলেছে। সোমবার সৌদি আরবের রিয়াদে দক্ষ মানবসম্পদ বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। ঢাকায় প্রাপ্ত খবরে এ তথ্য জানা গেছে।
মন্ত্রী বলেন, সৌদি আরবের সাথে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আগামী দিনে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে এ সম্পর্ক আরো দৃঢ় করতে চায় বাংলাদেশ। সৌদি নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোকে তাদের চাহিদা জানানোর জন্য আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে করে বাংলাদেশ থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে কর্মী পাঠানো সম্ভব হয়। ইতিমধ্যে দক্ষ জনশক্তি প্রেরণের জন্য বাংলাদেশে আধুনিক ও উন্নতমানের প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয়েছে।
রিয়াদে বাংলাদেশ দূতাবাসের শ্রম উইং আয়োজিত সেমিনারে আরো উপস্থিত ছিলেন দূতাবাসের উপমিশন প্রধান নজরুল ইসলাম। সভার শুরুতে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তির বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাহিদ হোসেন ও সারওয়ার আলম।
সেমিনারে সৌদি আরবে বাংলাদেশের জনশক্তি নিয়োগকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৪০ জন প্রতিনিধি অংশ নেয়। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাংলাদেশ থেকে দক্ষ, আধা দক্ষ জনশক্তি নিয়োগের আগ্রহ প্রকাশ করেন।
